কিশোরের গানে চমক কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় দশকের পেশাদার সংগীতজীবনে লোক ধাঁচের গান আগেও গেয়েছেন কিশোর। তবে সংখ্যায় কম। বাংলা নববর্ষে নতুন আরেকটি লোক ধাঁচের গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। কিশোরের ভাষায়, ‘এটি পুরোপুরি মডার্ন ফোক। এমন গান আগে গাইনি কখনো।’
‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের এই গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু আর সুর করেছেন কুমার বিশ্বজিৎ। গানটির অডিও–ভিডিওতে বিশেষ অতিথি হিসেবে কুমার বিশ্বজিৎ অংশও নিয়েছেন। ভিডিও চিত্র নির্মাণ করেছেন আরাফাত সেতু।

কুমার বিশ্বজিৎ ও কিশোর
কোলাজ

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে, একই এলাকায় জন্ম ও বেড়ে ওঠা এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক কিশোরের। ছোটবেলা থেকেই কুমার বিশ্বজিৎ দ্বারা ভীষণ অনুপ্রাণিত কিশোর। ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বিচারক হিসেবেও পান কুমার বিশ্বজিৎকে। পরিচয়টা বিচারক ও প্রতিযোগী হিসেবে হলেও দ্রুত সময়ে সেটি গড়ায় পারিবারিক আবহে। জানাজানি হয়ে যায়, কুমার বিশ্বজিৎকে আদর্শ হিসেবেও মানেন কিশোর। একটা পর্যায়ে কুমার বিশ্বজিতের স্নেহধন্য হয়ে ওঠেন কিশোর।

কিশোর

প্রতিযোগিতা শেষে যথা বিরতিতে কুমার বিশ্বজিতের সঙ্গে কাজের সুযোগও হয়ে ওঠে কিশোরের। কয়েক বছর ধরে কিশোরের সুরে গাইছেনও তিনি। তবে অগ্রজ ও অনুজের অতীতের সব মেলবন্ধন অতিক্রম হচ্ছে এই বৈশাখে। প্রথমবার কিশোরের গানের ভিডিও চিত্রে বিশেষ অতিথি হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেন কুমার বিশ্বজিৎ, যেমনটা এর আগে অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে ঘটেনি।

কুমার বিশ্বজিত

কিশোর বলেন, ‘এটা সবাই জানেন, বিশ্বজিৎ স্যার আমার আইডল। তবে যেটা অনেকেই জানেন না, স্যারের সব গান আমার মুখস্থ থাকলেও তাঁর মৌলিক লোক গানগুলো আমাকে বেশি টানে। বিশেষ করে তিনি নিজে যেগুলো সুর করেছিলেন—যেমন ‘জন্মিলে মরিতে হবে’, ‘অন্তর জ্বলেরে জ্বলে’, ‘যারে ঘর দিলা’ ইত্যাদি। তো আমার অনেক দিনের ইচ্ছা, স্যারের সুরে ফোক ঘরানার একটি গান করার। এই ইচ্ছাটা স্যারকে অনেক আগে বলি। কিছুদিন আগে তিনি ডেকে বলেন, ‘একটা দারুণ লিরিক পেলাম। দেখো, তোমার পছন্দ হয় কি না।’ দেখলাম রিন্টু ভাইয়ের লিরিক, যেটা আমার জন্য আরেকটি আশীর্বাদের মতো! এরপর স্যার সুর করলেন। সংগীতায়োজনে আমি জাস্ট তাঁকে সঙ্গ দিলাম। দারুণ একটা গান হয়ে গেল! আমিও খুব খুশি।’

কিশোর

গান তৈরির পর ভিডিওতেও কুমার বিশ্বজিৎকে পেয়ে উচ্ছ্বসিত কিশোর। বলেন, ‘আমি মনে করি ভিডিওতে স্যারের এই উপস্থিতি আমার জন্য অনেক বড় একটা পুরস্কার। এটা আমার প্রতি তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ, তাঁর ৫০ বছরের সংগীতজীবনে এমন ঘটনা ঘটেনি।’ কিশোর বলেন, ‘কান্দে রে ভাই কান্দে’ গানের ভিডিও ১৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় গানছবি এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। পাশাপাশি কুমার বিশ্বজিৎ ও কিশোরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে গানটি।