কিশোরের সুরে লুইপার 'ছায়াবাজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর-লুইপা
কিশোর-লুইপা

রিয়ালিটি শো ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ ২০১০’ প্রতিযোগিতার শীর্ষ দশে ছিলেন লুইপা। তবে গানের সঙ্গে তিনি যুক্ত আছেন অনেক দিন ধরেই। টেলিভিশন এবং বেতারের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শোতেও তিনি বেশ নিয়মিত। এত দিন পর্যন্ত কোনো একক অ্যালবাম প্রকাশ করেননি এই গায়িকা। এবার ঈদে প্রকাশিত হতে যাচ্ছে লুইপার প্রথম একক অ্যালবাম। নাম ‘ছায়াবাজি’।
‘ছায়াবাজি’ অ্যালবামে গান রয়েছে সাতটি। সবগুলো গানের কথাই লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে কিশোর। অ্যালবামের ‘যেখানেই আমি থাকি’ শিরোনামের একটি গানে লুইপার সঙ্গে কণ্ঠও দিয়েছেন কিশোর। বাকি গানগুলো লুইপার একক। গানগুলোর মধ্যে রয়েছে ‘ছায়াবাজি’, ‘বৃষ্টি’, ‘আমি ছাড়া তুমি’, ‘রঙে চিনেছি’, ‘ঘুরে ফিরে’ এবং ‘ভুলে থাকা কি যায়’।
অ্যালবাম প্রসঙ্গে লুইপা বলেন, ‘যেকোনো শিল্পীর জন্যই তাঁর প্রথম অ্যালবাম অনেকটা স্বপ্নের মতো। আমার ক্ষেত্রেও তেমনটা কাজ করছে। বেশ কিছুদিন ধরে, সময় নিয়েই অ্যালবামটির কাজ করেছি। অবশেষে ভালোভাবেই কাজটি শেষ করতে পেরে খুব আনন্দিত বলতে পারেন! আমার বিশ্বাস এই অ্যালবামটির মাধ্যমে সংগীতাঙ্গনে আমার অবস্থান আরও সুদৃঢ় হবে।’
লুইপা আরও বলেন, ‘আমার কণ্ঠে মূলত মেলোডি গানই বেশি ভালো মানায়। প্রথম অ্যালবামে সেই ব্যাপারটা প্রাধান্য দিয়েছি। বাকিটা সবাই শুনলেই বুঝতে পারবেন।’
অ্যালবামটির সুর ও সংগীত প্রসঙ্গে কিশোর জানিয়েছেন, ‘অনেক যত্ন নিয়ে অ্যালবামটির কাজ করেছি। প্রতিটি গানেই বৈচিত্র্য রয়েছে। আমার বিশ্বাস; গানগুলো সবার ভালো লাগবে।’
‘ছায়াবাজি’ অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস।