কিশোরের 'তোলপাড়'

‘ক্লোজআপ ওয়ান’ তারকাখ্যাত গায়ক ও সংগীত পরিচালক কিশোরের নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে। নাম তোলপাড়। এই অ্যালবামে কিশোরের সুর ও সংগীতে গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, এস আই টুটুল, তাহসান, ন্যান্সি, বেলাল খান ও কিশোর নিজে। দু-এক দিনের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে বলে জানান কিশোর। তোলপাড় অ্যালবামটি বাজারে আনছে সিএমভি।
জ্যেষ্ঠ শিল্পীদের গান নিয়ে তৈরি তোলপাড় অ্যালবামটি নিয়ে বেশ রোমাঞ্চিত কিশোর। তিনি বলেন, ‘সংগীতজগতে আমার পথচলা খুব বেশি দিনের না। এই অল্প সময়ে অনেক গুণী সংগীত পরিচালক ও শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আর আমার সুর ও সংগীতে এবার গাইলেন সংগীতের গুণী শিল্পীরা। আমার মতো একজন নতুনের জন্য এটা বিরাট সৌভাগ্যের বিষয় বটে।’
নতুন অ্যালবামের গান প্রসঙ্গে কিশোর বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে, তাই সবগ গানে ভালোবাসার কথা বলা হয়েছে।’
তোলপাড় কিশোরের ৩ নম্বর মিশ্র গানের অ্যালবাম। এর আগে ধুলোর গান ও কিশোর ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট নামের দুটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।