কুমার বিশ্বজিতের জন্য চমক

জন্মদিনে চমকে গেলেন কুমার বিশ্বজিৎ। তাঁকে চমকে দেওয়ার এই কাজটি করেছেন স্বনামখ্যাত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। ১ জুন ছিল কুমার বিশ্বজিতের জন্মদিন। সেদিন রাতে শিল্পীর উত্তরার বাসায় স্বামীকে নিয়ে হাজির হন শাহনাজ রহমতুল্লাহ। জন্মদিনে তাঁর মতো শিল্পীর কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার বিষয়টি তাঁকে রীতিমতো চমকে দিয়েছে।
দেশের সংগীতের গুণী শিল্পী শাহনাজ রহমতুল্লাহ কয়েক বছর ধরে গান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। গানের কোনো অনুষ্ঠানে সচরাচর তাঁকে দেখা যায় না। অনেকটাই ঈদের চাঁদ তিনি। বিশেষ অনুরোধে হাতেগোনা দু-একটা অনুষ্ঠানে কদাচিৎ তাঁর দেখা মেলে। সেই মানুষটা যখন কুমার বিশ্বজিতকে শুভেচ্ছা জানাতে সশরীরে হাজির হন তখন চমকে না ওঠার কোনো উপায় আছে?
আজ শুক্রবার প্রথম আলোর সঙ্গে আলাপে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বেশ উচ্ছ্বসিত মনে হলো তাঁকে। বললেন, ‘শাহনাজ আপার সঙ্গে আমার সম্পর্কটা মা ছেলের মতো। বুদ্ধি হওয়ার বয়সে যখন থেকে গান শুনছি, তখন থেকেই তাঁর সঙ্গে আমার সম্পর্ক। একটা সময় এসে যখন আমি গান শুরু করলাম, তখন তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়। এই সম্পর্কের যেমন কোনো তুলনা নেই ঠিক তেমনি এর কোনো ব্যাখ্যাও নেই। তাঁর মতো একজন সংগীতশিল্পী যখন আমার বাসায় হুট করেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে আসেন, তখন চমকে উঠতেই হয়। আমার জন্য এটা আশীর্বাদও বলতে পারেন। বিশেষ দিনে তাঁকে এভাবে পাশে পাব ভাবিনি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘জন্মদিনে আমি কাউকেই বিশেষভাবে নিমন্ত্রণ করি না। সবাই ভালো লাগা থেকে আমাকে শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান। কেউ কেউ আবার আমার বাসায়ও চলে আসেন। কিন্তু শাহনাজ রহমতুল্লাহ আপা যে চলে আসবেন, তা আমি কল্পনাও করিনি। তাঁর হঠাৎ আগমনে আমি ও আমার স্ত্রী খুব খুশি হয়েছি। আমাকে এভাবে ভালোবাসা দিয়ে আরও ঋণী করে দিলেন।’