কুমার বিশ্বজিতের বড় বাজেটের গান ভিডিও

১০ জুন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। দেশের বাইরে যাওয়ার জন্য যেমন প্রস্তুতির ব্যাপার আছে, তেমনি আবার মাইক্রোফোনের সামনেও দাঁড়াতে হচ্ছে। কারণ ঈদের মতো বড় উৎসবে সবাইকে নতুন গান উপহার দিতে হবে। প্রথম আলোকে জানালেন, এবার ঈদে তাঁর একটি গানের ভিডিও আসছে। বড় বাজেটের এই ভিডিওর শুটিং শেষ করেছেন।
গানটির শিরোনাম ‘আমি যেন তোর কেউ হই’। গানের কথা লিখেছেন হাসান নাজমুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। পাঁচ দিন ধরে ঢাকা আর ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় গানটির দৃশ্য ধারণের কাজ করেছেন নির্মাতা সৈকত নাসির। কুমার বিশ্বজিতের গাওয়া এই গানের মডেল হয়েছেন আমান রেজা ও আলভিরা ইমু। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি ১২ জুন প্রকাশ করা হবে।
নতুন এই গানের ভিডিও নিয়ে বিশ্বজিৎ দারুণ উচ্ছ্বসিত। প্রথম আলোকে তিনি বললেন, ‘এর আগে আরও কয়েকজন নির্মাতা আমার গানের ভিডিও বানিয়েছে। এবার যে ভিডিওটি বানানো হয়েছে, আমার তো মনে হয় বিজ্ঞাপন বানিয়েছে। খুবই ভালো হয়েছে।’
নির্মাতার পাশাপাশি মডেলদের প্রশংসার করতে ভুললেন না কুমার বিশ্বজিৎ। বললেন, ‘দুজনের আন্তরিকতা আর একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আর অভিনয় এককথায় অসাধারণ। এই গানের ভিডিও চলচ্চিত্রের ধাঁচে বানানো। শ্রোতারা এখানে দারুণ একটা গল্প পাবেন।’
কুমার বিশ্বজিৎ জানান, ‘আমি যেন তোর কেউ হই’ গানের ভিডিওর পাশাপাশি এবার ঈদে তাঁর কয়েকটি গান প্রকাশিত হবে।