কুমার বিশ্বজিতের শৈশবের দুর্গা উৎসবের স্মৃতি
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এখন আছেন কলকাতায়। কাজের পাশাপাশি শারদীয় দুর্গাপূজার উৎসবেও শামিল হচ্ছেন সকাল–সন্ধ্যায়। এভাবে দেশ–বিদেশে চলে পূজাসহ নানা উৎসবের উদ্যাপন।
কথা হলো মুঠোফোনে। জানালেন, এখন দেশ-বিদেশ ঘুরছেন ঠিকই কিন্তু তাঁর শারদীয় দুর্গাপূজায় মধুরতম স্মৃতিগুলো জমে আছে শৈশবেই। চট্টগ্রামের সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে।
কুমার বিশ্বজিতের শৈশবের সঙ্গে পাহাড়, সমুদ্র উভয়ই জড়িয়ে আছে। তাঁর বাড়ি থেকে পুব দিকে তাকালে পাহাড়ের হাতছানি। পশ্চিমে কান পাতলে শোনা যায় বঙ্গোপসাগরের গর্জন।
কেমন ছিল শৈশবের শারদীয় দুর্গোৎসব, জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বলেন, ‘পূজার চেয়ে বেশি উপভোগ করতেন ঢাকের বাজনা। নাওয়া-খাওয়া ছেড়ে সারা দিন ঢাকির সঙ্গে কেটে যেত। কুমার বিশ্বজিৎ বলেন, তখন ঢাকিকে (যিনি ঢাক বাজান) মনে হতো স্বপ্নদেশের কেউ একজন। ঢাকের কাঠিটিকে জাদুর কাঠি মনে হতো। ঢাক কুর কুর ঢাক কুরকুর অবিরাম বাজত। তেহাই, ঝুমুর ভেঙে কাহারবা...অপূর্ব সেই বাজনা। তন্ময় হয়ে শুনতাম, আহা হা!’
বাড়ির কাছেই সীতাকুণ্ড বাজার। যদিও ছেলেবেলায় সেখানে একা একা যাওয়া বারণ ছিল। বড় বড় বাস–ট্রাক চলে রাস্তায়। কিন্তু দরজির দোকানে (টেইলার্সে) দেওয়া জামার টেনশনে ঘুম আসত না। সারা দিন মাথায় ঘুরত দরজি ব্যাটা কখন কাটতে বসে, কখন সেলাই করতে বসে। কখন হাত সেলাই করে—এসবের চিন্তায় ঘরে মন টিকত না। পূজায় নতুন জুতা কেনা হতো। কিন্তু নতুন জুতা পরে মাটিতে হাঁটতে ইচ্ছা করত না। খাটের ওপর হাঁটতেন ছোট্ট বিশ্বজিৎ। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘শৈশবের স্মৃতিগুলো খুব আন্দোলিত করে। ইচ্ছা করে ফিরে যেতে। মনে হয়, ওই দিনগুলোই ভালো ছিল। তাই প্রাথমিকভাবে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। একদিন আবারও সীতাকুণ্ডে ফিরে যাবেন। চন্দ্রনাথ পাহাড়, বাড়বকুণ্ডের মেলা আর হারানো শৈশব। শেষ বয়সটা কাটাবেন গ্রামের বাড়িতে। এমনটাই তাঁর ইচ্ছা।