কুমার বিশ্বজিতের সঙ্গে ভাইরাল সুতপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ, সুতপা ও কবির বকুল।  ছবি: সংগৃহীত
কুমার বিশ্বজিৎ, সুতপা ও কবির বকুল। ছবি: সংগৃহীত

লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘আকাশের অস্তরাগে’ কিংবা নাহিদ নিয়াজির ‘আকাশের ওই মিটিমিটি’ গানগুলো সুতপার কণ্ঠে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকে সুতপার গায়কি কণ্ঠ নিয়ে দেশের সংগীতাঙ্গনে বেশ হইচই চলছে।

সেই সুতপাই এবার দাঁড়াল মাইক্রোফোনের সামনে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদণ্ডা গ্রামের ১২ বছর বয়সী সুতপা গাইল কুমার বিশ্বজিতের সুরে। কবির বকুলের লেখা ‘মুখোমুখি’ শিরোনামে এই গানের সংগীত করেছেন কিশোর। বৃহস্পতিবার দুপুরে মগবাজারের একটি স্টুডিতে গানটি ধারণ করা হয়। সুতপার প্রথম মৌলিক গান এটি। গানটির একটি ভিডিও ধারণও হয়। সুতপা বলে, ‘গানটি করার সুযোগ পাওয়ায় ভালো লাগছে। যখন গানটি করছিলাম, প্রথমে ভয় ভয় লাগছিল। তবে দুই বারেই গানটি করতে পেরেছি। কবির বকুল স্যার আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর কুমার বিশ্বজিৎ স্যার সুযোগ করে দিয়েছেন গান করার।’

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি ফেসবুকে তার গান শুনেছি। লতাজির কঠিন গান কী সুন্দর করে গেয়েছে। তাকে নিয়ে গান করার কথা প্রথমে ভাবিনি। পরে অনেকেই আমাকে ফোনে বলেছেন তাকে নিয়ে কিছু করা যায় কি না। তাই করলাম।’

পূজায় গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানের ভিডিওটি।