কুমার বিশ্বজিতের সুরে কনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ-কনা
কুমার বিশ্বজিৎ-কনা

কয়েকটি ছবির গানেও সুর করেছেন গায়ক কুমার বিশ্বজিৎ। সুরকার হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি ‘সুতপার ঠিকানা’ নামের নতুন একটি ছবির গানের সুরও করছেন তিনি। এ ছবিরই একটি গানে কুমার বিশ্বজিতের সুরে কণ্ঠ দিয়েছেন কনা। সম্প্রতি মগবাজারের কম্পোজস্ট্যান্ড স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কনা। কুমার বিশ্বজিতের সুরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি।
‘ছোটবেলা থেকে বিশ্ব দা-কে (কুমার বিশ্বজিৎ) দেখছি। বলতে পারেন, তাঁর মতো গুণী শিল্পীদের গান শুনেই আমাদের প্রজন্মের বেড়ে ওঠা। সেই তিনিই যখন আমাকে বলেন, “কনা, আমার সুরে একটি ছবিতে গান গাইতে হবে”—এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’ বললেন কনা।
‘সুতপার ঠিকানা’ ছবির গানটি নিয়ে এতটা উচ্ছ্বাস কেন—জানতে চাইলে কনা বলেন, ‘প্রথমত, সুরকার হিসেবে বিশ্ব দা, তিনি আমাদের প্রজন্মের আদর্শও বলা যেতে পারে। এরপর গানটির কথাও কিন্তু খুব চমৎকার। সংগীতায়োজনটিও দারুণ হয়েছে।’
‘সুতপার ঠিকানা’ ছবিতে কনার গাওয়া গানটির সংগীতায়োজন করেছেন কিশোর।
চলচ্চিত্রের গানের পাশাপাশি কনা এখন তাঁর নতুন অ্যালবামের কাজও শুরু করেছেন। জানালেন, আগামী বছরের যেকোনো সময়ে নতুন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান তিনি। সেভাবেই কাজ শুরুও করে দিয়েছেন।