কুমার বিশ্বজিতের 'বসন্তের বন্যা'

ভালোবাসা দিবসে দ্বৈত গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কুমার বিশ্বজিৎ। নাম বসন্তের বন্যা। এতে তাঁর সহশিল্পীরা হলেন সামিনা চৌধুরী, ন্যান্সি ও কলকাতার শুভমিতা। সামিনা চৌধুরী ছাড়া অন্য দুজন শিল্পী এরই মধ্যে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন। কলকাতার ‘ওয়ান জিরো ফোর’ স্টুডিওতে শুভমিতা আর ঢাকার উত্তরায় কুমার বিশ্বজিতের নিজস্ব স্টুডিওতে গানে কণ্ঠ দেন ন্যান্সি।
বসন্তের বন্যা অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এর মধ্যে আটটি গান নতুন এবং অন্য দুটি পুরোনো গানের নতুন ভার্সন।
গত শনিবার রাতে কুমার বিশ্বজিতের উত্তরার বাসায় গেলে দেখা যায়, স্টুডিওতে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। বললেন, ‘যে করেই হোক, ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হবে। দ্রুত মিক্স-মাস্টারিংয়ের কাজ করছি। এর মধ্যে আবার স্টেজ শোর চাপও আছে। আমার নিজেরও কাজের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে।’
কুমার বিশ্বজিৎ এও বলেন, ‘আমরা যখন দেশে কিংবা দেশের বাইরে গান গাইতে যাই, তখন দ্বৈত গান নিয়ে একটি অন্য রকম আগ্রহ দেখতে পাই। চলচ্চিত্রের গান ছাড়া সেই অর্থে আমার কোনো দ্বৈত গান নেই। তাই মনে হলো, একটি দ্বৈত গানের অ্যালবাম করলে মন্দ হয় না।’ শুভমিতা বলেন, ‘কুমার বিশ্বজিতের সঙ্গে কাজটি উপভোগ করেছি। গানগুলোর সুর ও সংগীত দুটিই ভালো হয়েছে।’ ন্যান্সি বলেন, ‘চমৎকার সুর আর কথার তিনটি গান গাইলাম।’
বসন্তের বন্যা অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন কুমার বিশ্বজিৎ নিজেই।
কুমার বিশ্বজিৎ নতুন অ্যালবামের পাশাপাশি ব্যস্ত প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশার আয়োজনে বিয়ে উৎসবের পরিবেশনা নিয়ে। আজ বিয়ে উৎসবে থাকবে তাঁর বিশেষ পরিবেশনা।