কুষ্টিয়ায় দুই দিনের লালন মেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুষ্টিয়ায় লালন সাঁইজির আখড়ায় আয়োজন করা হয়েছে দুই দিনের লালন মেলা। ফকির লালন শাহের সৃষ্টিকর্ম ও তাঁর বিচরণক্ষেত্র নিয়ে গবেষণা ও দেশের লুপ্তপ্রায় সাংস্কৃতিক বোধকে আরও প্রাণবন্ত করতে এবং দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারা ও দর্শন-চিন্তার ধারাবাহিক ইতিহাস নির্মাণের লক্ষ্যে মেলার ব্যবস্থাপনায় সহযোগিতা করছে কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও লালন একাডেমি। ছেঁউড়িয়ায় সাঁইজির সমাধি প্রাঙ্গণে ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনের উৎসব।
আজ রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তারা। লিয়াকত আলী জানান, লালন একাডেমিকে লালনের ভাবাদর্শে নান্দনিক করতে নানা উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের একটি লালন ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা। বাউল সংগীত পরিবেশন ও সংগ্রহ এ কর্মসূচির অন্যতম কাজ।’ এবারের উৎসবটি উদ্বোধন করবেন ১০ জন লালন অনুরাগী প্রবীণ বাউল সাধক। লালন আখড়ার নিকটবর্তী নদীতে একটি নৌশোভাযাত্রাও অনুষ্ঠিত হবে।
উৎসবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রতিশ্রুতিশীল ৬৪ জন লালনসংগীত শিল্পী, চল্লিশ জন বাউল ও জনপ্রিয় লালনসংগীত শিল্পী গান পরিবেশন করবেন। এ ছাড়া থাকছে লালন দর্শন, লালন সংগীতের সংগ্রহ, সংরক্ষণ ও প্রসার বিষয়ক সেমিনার ও মুক্ত আলোচনা।