কৃতজ্ঞ চিরকুট

‘জলপাইগুড়ির মানুষ যে এত ভালোবাসতে পারে, এখানে না আসলে জানা হতো না। আপনাদের মতো গান পাগল সুখী মানুষদের কাছে বারবার ফিরে আসতে চাই।’ ভারতের জলপাইগুড়ির ‘উত্তরবঙ্গ উৎসবে’ গান গাওয়ার পর দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়ে এমন কথা জানান চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক ও আগত দর্শকের কাছে।
শিলিগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের পর ‘উত্তরবঙ্গ উৎসবে’র এবারের আসর বসে ভারতের জলপাইগুড়িতে। সাত দিনের সেই উৎসবের সমাপনী দিনে গতকাল শনিবার গান পরিবেশন করে বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’। সেখানে তাঁরা নিজেদের গাওয়া জনপ্রিয় গানের পাশাপাশি বাংলাদেশের লোকগান পরিবেশন করেন। উৎসবে আসা দর্শক-শ্রোতারা চিরকুটের গানের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।
সুমী বলেন, ‘আমরা যখন গান গাইছিলাম, তখন উৎসবে আসা প্রতিটি দর্শক আমাদের গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিল। তাঁদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আমরা আবেগে ভেসেছি। দেশের বাইরের অনুষ্ঠানে দর্শকের এমন উন্মাদনা অতুলনীয়, অবিস্মরণীয়!’
ভারতের জলপাইগুড়িতে এটি ছিল নতুন বছরে ‘চিরকুট’ ব্যান্ডের প্রথম সফর। ‘উত্তরবঙ্গ উৎসবে’ অংশ নিতে ২৫ জানুয়ারি সন্ধ্যায় একটি বিমানে চড়ে ব্যান্ডের সদস্যরা ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন। উৎসবে গান শেষে ব্যান্ডের সদস্যদের দার্জিলিং ঘুরতে যাওয়ার কথা রয়েছে। পুরো দলটি ঢাকায় ফিরবে আগামী ৩ ফেব্রুয়ারি।
সুমী ছাড়া ‘চিরকুট’ ব্যান্ডের অন্য সদস্যরা হলেন--পাভেল আরীন, ইমন চৌধুরী, দিদার হাসান ও জাহিদ নীরব।