
পূর্ব ও পশ্চিম জার্মানিকে যে বার্লিন দেয়াল আলাদা করেছিল, সেটি ভাঙা হয়েছিল ১৯৮৯ সালের ৯ নভেম্বর। এ বছর সেই বার্লিন দেয়াল পতনের ২৫ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে যে অনুষ্ঠান হবে, তাতে গাইতে চান ‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনা আর মার্কিন মুলুকের আরেক জনপ্রিয় পপ গায়িকা লেডি গাগা। বিষয়টি নিয়ে রীতিমতো দ্বন্দ্বযুদ্ধই শুরু হয়ে গেছে এ দুই সংগীতশিল্পীর মধ্যে।

বার্লিন দেয়াল পতনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছরের ৯ নভেম্বর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ম্যাডোনা ও গাগা দুজনই আগ্রহ দেখাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
ম্যাডোনা ও গাগা নিজেদের রাজনীতি-সচেতন শিল্পী বলে মনে করেন। ঐতিহাসিক বার্লিন দেয়াল পতনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মতো সম্মানজনক একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তাঁরা দুজনই সমান আগ্রহী। এ ছাড়া তাঁরা দুজনই ওই অনুষ্ঠানে নিজেদের নতুন অ্যালবামের প্রচার চালাতে চান।
শেষ পর্যন্ত হয়তো গাগাক অথবা ম্যাডোনার যেকোনো একজনকে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন আয়োজকেরা। কিন্তু এখন পর্যন্ত তা নিশ্চিত নয়। ম্যাডোনা-গাগার দ্বন্দ্বযুদ্ধে কে জয়ী হন, সেটাই এখন দেখার বিষয়।