কেটি পেরি যা হতে চান!

বিখ্যাত সব মানুষদের জীবনেই একটা টার্নিং পয়েন্ট থাকে। যে সুবর্ণ সময়টা তাঁদের নিয়ে যায় খ্যাতির চূড়ায়। তবে অনেকটা পথ পেরিয়ে এসে পেছনে ফিরে তাকালে মাঝেমধ্যে তাঁদের হয়তো মনে হয়, আমি কি ভুল করলাম? অন্য কোনো পথই কি তবে আমার জন্য ভালো ছিল? পপসংগীতের মার্কিন তারকা গায়িকা কেটি পেরি হয়তো তেমনই পেছনে ফিরে তাকাতে চাইছেন। সংগীতশিল্পী হিসেবে কোনো অনুশোচনা নেই তাঁর। তবে সংগীতশিল্পী না হলে নির্ঘাত একজন ফ্যাশন স্টাইলিস্ট হতেন বলেই জানিয়েছেন তিনি।
এই ‘রোর’খ্যাত গায়িকা এখনো চান ফ্যাশন শিল্পে কাজ করতে। বন্ধুদের ফ্যাশনের অনুষঙ্গ ঠিক করে দিতেও নাকি তাঁর জুড়ি নেই। সম্প্রতি ‘পিপল’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সম্ভবত ফ্যাশন শিল্পে কাজ করতে চাই। একজন ফ্যাশন স্টাইলিস্ট হতে চাই আমি। নতুন ‘লুক’ তৈরি করতে ভালোবাসি আমি। আর আমার সব মেয়ে বন্ধুদের সঙ্গেই এই কাজটা আমি করি।’
চেহারায় নতুনত্ব? সেটা কেমন? কেটি পেরি জানিয়েছেন, তিনি সাহসী কিছু, ভিন্নধর্মী কিছু তৈরি করতে চান। অন্যান্যদের থেকে যেটি হবে অনন্য। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।