কেটি পেরিকে চমকে দিলেন ম্যাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি ও ম্যাডোনা
কেটি পেরি ও ম্যাডোনা

মার্কিন পপসংগীত তারকা কেটি পেরি এ বছর ৩১ বছরে পা রেখেছেন। তাঁর এবারের জন্মদিনে এই ‘ফায়ারওয়ার্ক’ তারকা এক নামকরা ইতালিয়ান রেস্তোরাঁয় নৈশভোজ সারার পাশাপাশি সারাটা দিনই নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এই সংগীত তারকা ভক্ত, স্বজন ও শুভাকাঙ্খীদের কাছ থেকে অসংখ্য উপহার পাবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাঁর এবারের জন্মদিনের সবচেয়ে চমকে দেওয়া উপহারটি বোধ হয় তিনি পেয়েছেন ‘পপ কুইন’ ম্যাডোনার কাছ থেকেই।

জন্মদিন উদ্‌যাপনের অংশ হিসেবে ‘পপকুইন’ ম্যাডোনার ‘রেবেল হার্ট ট্যুর’ শোতে অংশ নিয়েছিলেন পেরি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে আয়োজিত ম্যাডোনার এই অনুষ্ঠানে কেটি পেরি অংশ নেওয়ার এক পর্যায়ে অনুষ্ঠানমঞ্চেই ম্যাডোনা কেটি পেরিকে উদ্দেশ করে বলেন, ‘অনেক ধন্যবাদ, আমি জানি এখানে আসার বিষয়টি তোমার ভাবনায় ছিল না; তারপরও তুমি এসেছো এবং আমার জন্য এ অনুষ্ঠানে অংশ নিতে মঞ্চে উঠেছ।’

কেটি পেরি
কেটি পেরি



‘পপ কুইন’খ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা কেটি পেরিকে প্রদক্ষিণ করতে করতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সমবেত দর্শক-শ্রোতাদের উদ্দেশ করে কেটির জন্য অনেক অনেক শুভেচ্ছা আর করতালি দিয়ে তাঁকে সংবর্ধিত করার জন্য অনুরোধও করেন। এ সময় এই ‘ফায়ারওয়ার্ক’ তারকাকে শুভেচ্ছা জানাতেই যেন অজস্র আগুনের ফুলকি সদৃশ আতশবাজির বর্ণচ্ছটায় মঞ্চটি আলোকিত হয়ে উঠেছিল।

১৯৮৪ সালের ১৫ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন কেটি এলিজাবেথ হাডসন। পরে নাম বদলে হয়ে যান কেটি পেরি। এখন খ্যাতি আর সাফল্যের মধ্যগগণে অবস্থান করছেন সংগীতশিল্পী কেটি পেরি। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে এই পপসংগীত তারকাকে বেশ কষ্টের সময়ই পার করতে হয়েছে। ২০০১ সালে তাঁর প্রথম অ্যালবামটি সাড়া জাগাতে ব্যর্থ হয়। ২০০৪ সালে কেটি পেরি দুটি অ্যালবামের জন্য কাজ করলেও শেষ পর্যন্ত অ্যালবাম দুটি আলোর মুখ দেখেনি। ২০০৮ সালে ‘ওয়ান অব দ্য বয়েজ’ অ্যালবামটি দিয়ে কেটি পেরি রাতারাতি খ্যাতির শীর্ষে ওঠেন। ২০১০ সালে কেটি পেরির অ্যালবাম ‘টিনএজ ড্রিম’ প্রকাশিত হয়। এ অ্যালবামটি বিলবোর্ডের শীর্ষস্থান দখল করেছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। কেটি পেরির ‘ডার্ক হর্স’ গানটি অনলাইনে (‘ভেভো’ ওয়েবসাইট) দেখা হয়েছে ১০০ কোটি বার! বিলবোর্ড ম্যাগাজিন। পিটিআই। টাইমস অব ইন্ডিয়া।