কেটি পেরির অভিসার মন্ত্র

বিখ্যাত মানুষদের সঙ্গে অভিসারে মেতে ওঠাটা সহজ বলেই সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী কেটি পেরি।
এ প্রসঙ্গে ‘রোলিং স্টোনস’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে পেরি বলেন, ‘বিখ্যাত নন এমন মানুষদের সঙ্গে অভিসারের চেষ্টা আমি করেছি। বাস্তব অভিজ্ঞতা থেকে আমার উপলব্ধি হয়েছে, তাঁদের চেয়ে বিখ্যাত মানুষদের সঙ্গে অভিসারে মেতে ওঠাটাই সহজ। কারণ খ্যাতির জগতের ভেতর-বাহির সম্পর্কে সবকিছুই তাঁদের জানা থাকে। তাঁদের কাছে কোনো কিছুর ব্যাখ্যা দিতে হয় না।’
পেরি আরও বলেন, ‘কোনো ট্যুর বা শো শেষ করার পর ক্লান্তি কিংবা কোনো সাক্ষাত্কার ভালো না হওয়ায় বিগড়ে থাকা মেজাজের মতো বিষয়গুলো বিখ্যাত মানুষরা খুব সহজেই বুঝতে পারেন।’
সংগীত বুঝতে পারেন, এমন মানুষ বেশি পছন্দ বলেও জানিয়েছে ২৯ বয়সী পেরি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সংগীতে জ্ঞান আছে এমন মানুষদেরই আমি বেশি পছন্দ করি। কারণ সংগীতকে আমি অনেক ভালোবাসি। সংগীতের বিশাল ক্ষমতা সম্পর্কে যাঁরা অবগত, তাঁদের প্রতি আমি অনেক বেশি আকর্ষণ অনুভব করি।’
২০০৯ সালে ব্রিটিশ অভিনেতা, কৌতুকশিল্পী ও লেখক রাসেল ব্র্যান্ড অভিনীত ‘গেট হিম টু দ্য গ্রিক’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেন পেরি। তখন রাসেল ও পেরির প্রথম সাক্ষাত্ হয়। সে বছরই এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আবার দেখা হয় তাঁদের। দ্বিতীয়বার সাক্ষাতের পর থেকেই অভিসার শুরু করেন এ তারকা জুটি। রাসেল ও পেরি ২০০৯ সালের ডিসেম্বরে ভারতের রাজস্থানে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরে ফেলেন। পরের বছরের অক্টোবরে রাজস্থানেই হিন্দু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। কিন্তু ২০১১ সালের ৩০ ডিসেম্বর বিচ্ছেদের আবেদন করেন রাসেল। বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন পেরি। ‘বিলবোর্ড’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাত্কারে পেরি জানান, বিচ্ছেদের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।
রাসেল ব্র্যান্ডের সঙ্গে মাত্র ১৪ মাসের সংসার ভেঙে যাওয়ার পর মার্কিন গায়ক জন মেয়ারকে নতুন মনের মানুষ নির্বাচন করেন পেরি। অন্যদিকে, পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ লেখিকা জেমিমা খানের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন ৩৯ বছর বয়সী রাসেল।