কেমন আছেন ন্যান্সি?

শনিবার রাত আটটার পরপরই ছড়িয়ে গিয়েছিল খবর—কণ্ঠশিল্পী ন্যান্সি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। নেত্রকোনা থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে ময়মনসিংহে।
গতকাল সকাল আটটা বারো মিনিটে আমরা যোগাযোগ করি ন্যান্সির ভাই জনির সঙ্গে। ন্যান্সিকে নিয়ে সকালেই তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চলে এসেছেন বলে জানান তিনি। সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে জনিকে ফোন করা হয়। কিন্তু ফোন ছিল নিরুত্তর। বেশ কিছুক্ষণ পর জনি ফোন ধরে জানান, ন্যান্সিকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আছেন হাসপাতালের আইসিইউতে।
বিকেলে ল্যাবএইড হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, ন্যান্সির আপাতত শারীরিক কোনো সমস্যা নেই। পর্যবেক্ষণের জন্য তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি এখনো ঘোরের মধ্যে আছেন। তবে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। কাল সকালের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠতে পারেন ন্যান্সি। এখন হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. ফরহাদ চৌধুরীর তত্ত্বাবধানে আছেন তিনি।