কেমনে বাঁধিব হিয়া

এই পৃথিবীর সবচেয়ে দাহ্য ‘পদার্থের’ নাম হৃদয়। হৃদয় পোড়ে, কারণে-অকারণে পোড়ে। যেমন পুড়ছে জাস্টিন বিবারের। সেলেনা গোমেজ তাঁর সাবেক প্রেমিক জেডের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করেছেন। তা গোমেজ করতেই পারেন। তাই বলে চুমুও দিতে হবে! এই পর্যন্তও মেনে নেওয়া যায়। কিন্তু সেই চুমুর ছবি যখন বানভাসির মতো ঘুরে বেড়াবে সামাজিক যোগাযোগমাধ্যমে, কাঁহাতক সহ্য করবেন বিবার!
বিবার ঠিক এর কিছুক্ষণ পর নিজেও পোস্ট করেন দুটি ভিডিও। যেখানে দেখা যায়, পিয়ানো বাজিয়ে দরদ ঢেলে তিনি গাইছেন ‘নাথিং লাইক আস’। এমনিতেই বাতাসে জোর গুঞ্জন, বিবারের বিবর থেকে বেরিয়ে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সেলেনা। নিয়াল হোরানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এদিকে নতুন প্রেম, ওদিকে পুরোনো প্রেমের সঙ্গেও নতুন রোমান্স—সেলেনা সত্যিই ঈর্ষার আগুনে পোড়াচ্ছেন বিবারকে।
এ কারণেই হয়তো ‘নাথিং লাইক আস’ দিয়ে সেলেনাকে কিছু মনে করিয়ে দেওয়া। যে গানের পরতে পরতে আছে বিরহ-কাতর এক প্রেমিকের আর্তনাদ। যে প্রেমিক বলছে, আজ হয়তো তুমি নতুন জীবন, নতুন আনন্দ খুঁজে নিতে পারো। কিন্তু জেনে রেখো, আমাদের মতো কিছুই কখনো ছিল না, হবেও না! হলিউডলাইফ।