কেয়া পাতার নৌকো ভাসাচ্ছেন প্রিন্স

কেয়া পাতার নৌকো ভাসিয়েই শ্রোতাদের হৃদয় জয় করে নেবেন বলে আত্মবিশ্বাসী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তাঁর কথায় ও সুরে কেয়া পাতার নৌকো নামের নতুন একটি অ্যালবাম বের হচ্ছে।
রোজার ঈদে প্রকাশিত হওয়ার কথা ছিল এই অ্যালবাম। কিন্তু গানগুলোর কাজ পুরোপুরি শেষ করতে না পারায় তখন অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারেননি। অবশেষে এবার প্রকাশিত হচ্ছে। অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে আজ বিকেলে রাজধানীর বেইলী রোডে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রিন্স মাহমুদ জানান, ‘আমার নতুন অ্যালবামে সাতটি গান রয়েছে। এর মধ্যে তিনটি দ্বৈতকণ্ঠের এবং চারটি একক। প্রতিটি গানের বিষয় ভালোবাসা।’
কেয়া পাতার নৌেকা অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তাহসান, ন্যান্সি, তপু, এলিটা ও মাহাদি।
প্রিন্স মাহমুদের প্রথম মিশ্র গানের অ্যালবাম শক্তি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এর পর টানা ১৯ বছর ঈদে একক অথবা মিশ্র অ্যালবাম করছেন তিনি।
প্রিন্স মাহমুদের নতুন অ্যালবামের প্রচ্ছদের ছবি তুলেছেন গায়ক জেমস। আর অ্যালবামটি প্রচ্ছদ নকশা করেছেন নিয়াজ আহমেদ অংশু।