কোনাল গাইলেন নতুন দুই ছবির গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল
কোনাল

দুই দিনের ব্যবধানে নতুন দুটি ছবির গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের সংগীতশিল্পী কোনাল। ছবি দুটির একটি হচ্ছে— বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, অন্যটি মিনহাজ অভির ‘মেঘকন্যা’।
‘রাজনীতি’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ‘মেঘকন্যা’ ছবির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ‘রাজনীতি’ ছবির গানটির কথা যৌথভাবে লিখেছেন আবদার রহমান ও বুলবুল বিশ্বাস আর ‘মেঘকন্যা’ ছবির গানটির গীতিকার অনুরূপ আইচ।
বছর চারেক আগে নিজের প্রথম একক অ্যালবামে ফুয়াদের সুর ও সংগীতে প্রথম কোনো গানে কণ্ঠ দেন কোনাল। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের জিঙ্গেল এবং ক্রিকেট নিয়ে নির্মিত গানে ফুয়াদের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল।
তবে, এবারই প্রথম ফুয়াদের সুর-সংগীতে চলচ্চিত্রের গান গাইলেন তিনি। অন্যদিকে, ইমনের সংগীত পরিচালনায় বছর দু-এক আগে ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে ‘জানে খোদা’ গানে সর্বশেষ কণ্ঠ দেন কোনাল।
কোনাল বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের জন্য চমৎকার দুটি গানে কণ্ঠ দিলাম। গান দুটিতে কণ্ঠ ধারণের কাজ শেষে স্টুডিওতে বসে যখন শুনছিলাম, তখন ভালোই লেগেছে। আশা করছি, দর্শকদেরও গান দুটি ভালো লাগবে।’
কোনাল জানান, ‘রাজনীতি’ ছবির গানটি ঢাকার আঞ্চলিক ভাষার। তাই এর কথাগুলো ঢাকাইয়া ঢংয়ের। এটি উৎসবকেন্দ্রিক একটি গান। গানটিতে পুরান ঢাকার নানা বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে ‘মেঘকন্যা’ ছবির গানের কথাগুলোও অন্যরকম।’
‘মেঘকন্যা’ ছবিতে কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান।