কোনালের হঠাৎ বিয়ে

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনাল লেখেন, তিনি বিয়ে করেছেন। কোনালের এই হঠাৎ বিয়ের খবর সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সবখানে। গত বুধবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে কোনালের এক আত্মীয়র বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন হয়। কোনালের স্বামী মনজুর কাদের প্রথম আলোরসাংবাদিক। বিয়ের সময় দুই পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
কোনাল জানিয়েছেন, ছয় মাস ধরে পারিবারিকভাবে বিয়ের চাপ বাড়ছিল। তাঁর বাবা কুয়েতে থাকেন। তিনি ছুটিতে দেশে এসেছেন। খুব শিগগির আবার কর্মস্থলে চলে যাবেন। তাই তিনি চেয়েছিলেন এ সময়ের মধ্যেই তাঁর মেয়ের বিয়ে হয়ে যাক। ছেলেপক্ষ তাঁকে দেখতে আসার পর দুই পক্ষের সম্মতিতে বিয়েটা হয়ে যায়। এদিকে মনজুর কাদের জানান, বছর তিনেক ধরে তাঁদের পরিচয়। বুধবার পারিবারিকভাবেই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কোনাল জানান, আগামী বছরের শুরুতে তাঁর বাবা ছুটিতে দেশে ফিরলে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তিনি সবার দোয়া কামনা করেছেন।