কোল্ডপ্লের শেষ অ্যালবাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা
কোল্ডপ্লে ব্যান্ডের সদস্যরা

জাদুশিল্পী তাঁর সবচেয়ে চমকপ্রদ জাদুটা জমিয়ে রাখেন অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে। আ হেড ফুল অব ড্রিমস অ্যালবামটিও কোল্ডপ্লের কাছে অনেকটা তেমন—তুরুপের তাস! নিভে যাওয়ার আগে জ্বলে ওঠা!
সে কী! যুক্তরাজ্যের জনপ্রিয় রক ব্যান্ডটির মাত্র সপ্তম অ্যালবাম এটি। মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর। সাতটা গ্র্যামি অ্যাওয়ার্ড আছে যাদের ঝুলিতে, ব্যান্ডের সদস্যদের গড় বয়স চল্লিশেরও কম, এত জলদি তারা ফুরিয়ে যাবে কেন? প্রধান ভোকাল ক্রিস মার্টিন গত বছরই আ হেড অব ফুল ড্রিমসকে এককথায় তাঁদের বিদায়ী অ্যালবাম হিসেবে ঘোষণা দিয়েছিলেন। ক্রিসের পরের বক্তব্যে অবশ্য খানিকটা আশা পাওয়া যায়। ‘বিবিসি ওয়ান শো’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা অনেকটা হ্যারি পটার বইয়ের মতো। ব্যাপারটা এমন নয় যে আর কখনোই আমরা ফিরব না। তবে এটা একটা দীর্ঘ যাত্রার ইতি টানার মতো। আমাদের সামর্থ্যে যা কিছু ছিল, সবটাই এই অ্যালবামে ঢেলে দিয়েছি।’
সত্যিই মনে হচ্ছে এক মোড়কে সবটা দেওয়ার চেষ্টা ছিল তাঁদের। কোল্ডপ্লের সঙ্গে এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন বিয়ন্স, টোভ লোসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। এর আগে ষষ্ঠ অ্যালবাম গোস্ট স্টোরিজ নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এবার আর ভক্তদের ফাঁকি দিতে চান না কোল্ডপ্লের সদস্যরা। আগামী বছরই ‘মাথাভর্তি স্বপ্ন’ নিয়ে বেরোচ্ছেন গানের ভ্রমণে।
গত শুক্রবার অ্যালবামের পাঁচ নম্বর গান ‘অ্যাডভেঞ্চার অব আ লাইফটাইম’ মুক্তি পেয়েছে। শনিবার ফ্রান্সের এনআরজে অ্যাওয়ার্ডের মঞ্চেও গানটি পরিবেশন করেছেন ক্রিস মার্টিনের দল। গানের একটা অংশ শুনে চমকে উঠেছিলেন শ্রোতারা। ক্রিস অবশ্য ব্যাপারটা আগেই খোলাসা করেছেন, ‘হ্যাঁ, এই গানটা গানস অ্যান্ড রোজেস থেকে অনুপ্রাণিত। আমি অনেক দিন ধরে জনিকে বলছিলাম “সুইট চাইল্ড ও মাইন”-এর মতো একটা রিফ বাজাতে। জনি আমাকে বাজিয়ে শোনাল। আমারও মনে হলো, এটাই চাইছিলাম!’
‘অ্যাডভেঞ্চার অব আ লাইফটাইম’ গাওয়ার পরই নাকি তাঁর মনে হয়েছিল, এখন তাঁরা ‘শেষ’ অ্যালবাম বের করার জন্য তৈরি। ক্রিস বলেন, ‘এটা সেই অল্পসংখ্যক গানের মধ্যে অন্যতম, যাতে দলের প্রত্যেক সদস্য তাঁদের সেরাটা ঢেলে দেয়। আমার অবদান অবশ্য খুব বেশি নয়। খানিকটা গেয়েছি, আর পিয়ানো বাজিয়েছি। ব্যান্ডের অন্য সদস্যরাই দেখিয়েছে আসল খেল! যখনই গানটা শুনি, মন ভালো হয়ে যায়।’
বিলবোর্ড অবলম্বনে