ক্যানসার আক্রান্ত কিশোরের পাশে টেইলর সুইফট

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট সম্প্রতি ক্যানসার আক্রান্ত এক কিশোরের চিকিৎসার জন্য ৫০ হাজার ডলার সহায়তা করেছেন। ক্যানসার আক্রান্ত ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম আইডেন। কিশোর আইডেন টেইলর সুইফটের বিভিন্ন সফরের সঙ্গী নৃত্যশিল্পী কিম টোশি ডেভিডসনের ভাইপো। টেইলর সুইফটের ‘১৮৮৯’ বিশ্ব সফরের সময় থেকেই বিভিন্ন মঞ্চে টেইলরের সঙ্গে নাচে অংশ নিয়েছেন কিম টোশি ডেভিডসন। আইডেনের অসুস্থতার বিষয়টি টেইলর প্রথম টোশির কাছ থেকেই জানতে পারেন।
২৫ বছর বয়সী মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট আইডেনের চিকিৎসা সহায়তার জন্য একটি ফান্ড বা তহবিল তৈরির ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন। কিশোর আইডেনের ক্যানসার চিকিৎসার জন্য তহবিল গড়তে নিজে নগদ ৫০ হাজার ডলার অর্থ সহায়তা করার পাশাপাশি আইডেনের জন্য ‘গোফান্ডমি’ পেজে একটি বার্তাও লেখেন তিনি।
টেইলর সুইফট তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘বেবি’ আইডেন, আমার অনেক সৌভাগ্য যে, আমি তোমার চাচার সঙ্গে একই মঞ্চে নেচেছি। আমরা সবাই তোমার ও তোমার মার জন্য প্রার্থনা করছি। তোমার জন্য অনেক ভালোবাসা। ভালোবাসা, টেইলর।’
এদিকে, টোশি তাঁর ক্যানসার আক্রান্ত ভাইপো আইডেনের চিকিৎসায় পাশে দাঁড়ানো টেইলর সুইফটের এই অর্থ সহায়তা ও ভালোবাসার বহিঃপ্রকাশে মুগ্ধ ও আবেগাপ্লুত হয়ে ইনস্টাগ্রামে পোস্ট পাঠিয়ে লিখেছেন, টরন্টোতে নেমে সবার আগে আমার নজরে পড়েছে এই বিষয়টা।
টোশি আরও লিখেছেন, সুইফট এক দেবদূত। আমি ও আমার পরিবার কি বলে যে তাঁকে কৃতজ্ঞতা জানাব ....’