ক্যানসার আক্রান্ত মাকে বাঁচাতে তরুণ গায়কের আকুতি
২০১৭ সালের বিজয় দিবসে ‘জন্মকথা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন বাংলাদেশের তরুণ গায়ক শাহরুখ কবির। সেই গানের প্রশংসা করছিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। ‘জন্মকথা’ গানের শিল্পী সেই শাহরুখ তাঁর মা–বাবার একমাত্র সন্তান। সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়া শাহরুখ তাঁর ক্যানসার আক্রান্ত মা হোসনে আরা বেগমকে বাঁচাতে সবার কাছে আকুতি জানিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শাহরুখ কবিরের মায়ের চিকিৎসার জন্য এই মুহূর্তে কমপক্ষে ১০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দিনাজপুরের ছেলে শাহরুখ গান গেয়ে দেশের মানুষের নজরে আসেন। তাঁর গায়কিতে মুগ্ধতা প্রকাশ করেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। এমনকি ইউটিউবে মন্ত্যব্যের ঘরেও গানটি নিয়ে ভালো লাগার মন্তব্য করেন শ্রোতারা। শাহরুখ কবিরের গানের ভিডিও কবীর সুমন ফেসবুকে শেয়ার করে লিখেছিলেন, ‘অনেক দিন পর একটি আধুনিক বাংলা গান শুনলাম, যেটি শুনে মনে হলো, এটি যাঁরা তৈরি করেছেন, তাঁদের এই জাতির ইতিহাসে যায়-আসে। আপনি, আপনারাই ভরসা। এ রকম গান আমার রাজ্যে, শহরে কেউ বানাচ্ছে না। ক্ষমতায় কুলাচ্ছে না। সময়োপযোগী এই সুঠাম সুলিখিত সুসুরারোপিত গানটি বাংলাদেশ থেকেই পেলাম। এ–ও ইতিহাসের শিক্ষা। শাবাশ। এই বুড়ো সংগীতসেবকের অভিবাদন নিন সবাই, যাঁরা এই সংগীত নির্মাণ ও রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা পারলেন। আপনারাই পারবেন। বেঁচে থাকুন! দীর্ঘজীবী হোক বাংলা।’
২০১৫ সালে মা–বাবাকে দিনাজপুর থেকে ঢাকায় নিয়ে আসেন শাহরুখ। মিউজিক করে মা–বাবাসহ সংসার চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু মায়ের ক্যানসারের চিকিৎসার কারণে তা আর কুলিয়ে উঠতে পারছেন না তিনি। জানালেন, ‘আমিই তো একমাত্র রোজগার করি। বাবা টুকটাক কিছু করেন। কিন্তু মায়ের ক্যানসারের চিকিৎসার খরচ কুলিয়ে উঠতে পারছি না। গত এক বছরে আমার জমানো টাকা যা ছিল, সেই সাত লাখ টাকাও শেষ হয়ে গেছে। আমি তো আসলে সংগীতের অত বড় কেউ না। টুকটাক কাজ করি, তাতেই মা–বাবাকে নিয়ে ভালোই চলছিল। কিন্তু মায়ের ক্যানসারের কারণে কোনোভাবে সবকিছু সামলাতে পারছি না।’
শাহরুখ বলেন, ‘আমি নিজের সবটুকু দিয়ে মাকে ভালো রাখার চেষ্টা করে আসছি। কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মায়ের বেঁচে থাকার আকুলতা এবং এত কিছুর পরেও “আলহামদুলিল্লাহ, ভালো আছি” বলা দেখলে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমরা সবাই মিলে যদি মাকে আর কয়েকটা দিন পৃথিবীর আলো দেখাতে পারি! সম্ভব হলে সহযোগিতা করার চেষ্টা করবেন। হায়াত-মউত আল্লাহর হাতে, কিন্তু আমার জন্য মায়ের হাতে সময় অনেক কম।’
শাহরুখ কবিরের ‘জন্মকথা’ গানের সংগীত পরিচালনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘দুর্দান্ত মেধাবী এক গায়ক, সুরকার শাহরুখ কবির। কিন্তু এই মেধাবীকে যিনি জন্ম দিয়েছেন, পৃথিবীতে এনেছেন, সেই মা জননী ১০ বছর ধরে ক্যানসারে আক্রান্ত। মাকে বাঁচাতে এত দিন নিজের মতো চেষ্টা করেছিলেন শাহরুখ। খরচ করতে করতে আর কোনো জমা নেই তার হাতে! ফলে মাকে বাঁচাতে অন্য মায়ের সন্তানদের সহায়তা কামনা করছে সে। আপাতত ১০ লাখ টাকা হলে মায়ের বাকি চিকিৎসা করাতে পারবে। আমার বন্ধু তালিকায় যারা আছেন, সবার কাছে আকুল আবেদন, এই মায়ের দিকে আপনারা একটু তাকান, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহায়তায় পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন এই মা। শাহরুখ ফিরে পেতে পারেন তার বেঁচে থাকার শ্রেষ্ঠ অবলম্বনটাকে।’
শাহরুখ জানিয়েছেন, তাঁর মায়ের শরীরে প্রথম অস্ত্রোপচার হয় ২০০৬ সালে। ২০১৩ সালে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে এবং সেই সময়েই সার্জারির পাশাপাশি তিনটি কেমোথেরাপি দেওয়া হয়।
২০১৪ সালে ভারতেও সার্জারি এবং চারটি কেমোথেরাপি দেওয়া হয়। ২০১৭ সালে দেশে আরেক দফা সার্জারি করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আরেকবার। ২০২১ সালের জানুয়ারিতে আবার সার্জারির পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আরেক দফা কেমোথেরাপি দেওয়া হয়।
শাহরুখ কবিরের মায়ের চিকিৎসায় আগ্রহী কেউ সহায়তা করতে চাইলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিকাশ নম্বর: 01788091642 (শাহরুখ কবির, পার্সোনাল)
বিকাশ ও নগদ: 01991303953 (শাহরুখ কবিরের কাজিন)
ডাচ্–বাংলা ব্যাংক অ্যাকাউন্ট: Account name: Shahrukh Kabir, Account number: 1781510155936, Branch: Shahtinagar, Mobile: 01788091642
ব্র্যাক ব্যাংক: Account name: Mohammad Mosiur Morshed, Account number: 1507 2038 4509 8001, Branch: Banani, Dhaka, Mobile: 01674930481 (এটা শাহরুখ কবিরের মামাতো ভাইয়ের অ্যাকাউন্ট)।