ক্যানসারের দিনগুলোতে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনির ক্যাসুলাতে আয়োজিত কনসার্টে সুমন
সিডনির ক্যাসুলাতে আয়োজিত কনসার্টে সুমন

সংগীতশিল্পী সুমন আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এবার ক্যানসার হয়েছে পায়ে। সুমন জানিয়েছেন, ১০ নভেম্বর আবারও ব্যাংকক যাচ্ছেন তিনি। ১২ নভেম্বর চেকআপ করে কেমোথেরাপি দেওয়া হবে। তাতে ইতিবাচক ফল পাওয়া না গেলে ১৪ নভেম্বর অস্ত্রোপচার করা হবে। অবশ্য ১ নভেম্বর সিডনিতে এক কনসার্টে গান করেছেন তিনি। আজ সকালে ফেসবুকে সেই কনসার্টের ছবি পোস্ট করেছেন আরেক সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির।
সিডনি যাওয়ার আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমন বলেন, ‘আমি কিন্তু সিডনিতে গান করব। গান নিয়ে সমস্যা হচ্ছে না। এরপর ব্যাংককে গিয়ে হাসপাতালে ঢুকব। সিডনিতে কনসার্টটি হবে ১ নভেম্বর। ২৮ অক্টোবর (তাঁর সঙ্গে কথা হয়েছে ২৬ অক্টোবর) আমি ঢাকা ছাড়ব।’
সুমন গানের মানুষ। গান ছেড়ে বেশিক্ষণ দূরে থাকতে পারেন না। অসুস্থতার জন্য প্রায় বছর পাঁচেক ঠিকমতো গান করতে পারেননি। মাঝে পুরো এক বছর কোনো স্টেজ শো করেননি। গত বছর সেপ্টেম্বর মাসে চিকিৎসক জানিয়েছিলেন, সুমন ক্যানসার-মুক্ত। এরপর আবারও গানে ফেরা। সুমন ফিরে গিয়েছিলেন কনসার্টে। সে সময় সুমন বলেছিলেন, ‘সবার ভালোবাসার জন্যই ক্যানসারকে জয় করেছেন।’
ক্যানসার প্রসঙ্গে সুমন বলেছেন, ‘আমি প্রথম ক্যানসার আক্রান্ত হই মেরুদণ্ডে। এরপর মস্তিষ্কে। পরে তা পাকস্থলী আর কিডনিতেও ছড়িয়ে যায়। এবার হয়েছে পায়ে। আগেরগুলো তো খুবই ভয়াবহ ছিল। সে তুলনায় এটা বেশ ভালো অবস্থায় আছে।’ তিনি বলেন, ‘ক্যানসারের জন্য আমার শরীরে ১১বার অস্ত্রোপচার করা হয়েছে। এরপরও আমি বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর সুমনের রক্ত পরীক্ষায় একটু সমস্যা পাওয়া গিয়েছিল। সে সময় দ্রুত তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যান। সেখানে দীর্ঘদিন ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। এই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সুমনের শরীরে নতুন করে ক্যানসারের সংক্রমণ দেখা দিয়েছে। এবার এটা হয়েছে ডান পায়ে।