ক্রিকেট নিয়ে বিসিবির 'এসপার নয় ওসপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসপার নয় ওসপার’ গানের শুটিংয়ে শার্টন, এলিটা, বাপ্পা মজুমদার, কোনাল, সানবীম ও মাসুম
‘এসপার নয় ওসপার’ গানের শুটিংয়ে শার্টন, এলিটা, বাপ্পা মজুমদার, কোনাল, সানবীম ও মাসুম

পঞ্চমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ উদ্বেলিত করবে গোটা জাতিকে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু এই বিশ্ব আসরে পুরোটা সময় বাংলাদেশের মানুষ গা ভাসাবে বিশ্বকাপের উত্তেজনায়। কায়মনোবাক্যে প্রার্থনায় থাকবে জাতীয় ক্রিকেট দলের সাফল্যের আশায়। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দেশবাসীর আগ্রহ এবং আবেগকে অন্য মাত্রা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে একটি গান।
‘ওরে দুরন্ত দুর্বার, দিন আসে না তো বারবার, খেলা শুধু খেলা নয়, জানবাজির এ লড়াই, বীরের যুদ্ধ চাই, এসপার নয় ওসপার’-এমন কথার গানটি লিখেছেন শংকর সাঁওজাল। বিসিবির আয়োজনে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কোনাল, মাসুম, শার্টন, সানবীম ও বাপ্পা মুজমদার নিজে।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেট নিয়ে দেশবাসীর আগ্রহের অনেক। বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি অন্য রকম। সবদিক বিবেচনা করে ক্রীড়ামোদী সবার মাঝে নতুন মাত্রা যোগ করতে গানটি তৈরি করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৩ ফেব্রুয়ারি এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিল্পীরা গানটির পরিবেশনায় অংশ নেবেন। ’
সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। গতকাল বৃহস্পতিবার থেকে গানটির ভিডিও ধারণের কাজ শুরু হয়। ভিডিওতে গানটির মূল শিল্পীরাও থাকছেন। গানটির ভিডিও নির্মাণ করছেন শংকর সাঁওজাল।
প্রথম আলোকে বাপ্পা মজুমদার জানালেন, ‘শংকর দার (শংকর সাঁওজাল) লেখা নিয়ে এর আগেও গান করেছি। বরাবরই তাঁর লেখা আমার দারুণ পছন্দ। এবারও চমৎকার কথার একটি গান তৈরি করেছি। ক্রিকেট অনুরাগী এবং ক্রিকেটারদের উদ্দীপ্ত করতে এ ধরনের কথার গান সহযোগিতা করবে। ’
নানা ধরনের গান তৈরি করে থাকেন বাপ্পা মজুমদার। তবে এই ধরনের গানে ভিন্ন একটা আবেগ অনুভূতি কাজ করে বলেও জানান। বললেন, ‘যেকোনো গানের ক্ষেত্রে দায়িত্ববোধের একটা ব্যাপার থাকে। তবে ক্রিকেট নিয়ে গান হলেও দায়িত্ববোধের পাশাপাশি দেশাত্মবোধের ব্যাপারগুলো চলে আসে। গানের কথার মধ্যে শুধু খেলার ব্যাপার নয়, দেশপ্রেমের নানা দিক ফুটে ওঠে। তাই এ ধরনের গানে ভালো লাগার ব্যাপারটি থাকে বেশি। ’