ক্রিকেট নিয়ে 'এসপার নয় ওসপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদারের সঙ্গে গানে কণ্ঠ দেওয়া শিল্পীরা l ছবি: খালেদ সরকার
বাপ্পা মজুমদারের সঙ্গে গানে কণ্ঠ দেওয়া শিল্পীরা l ছবি: খালেদ সরকার

পঞ্চমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু এই বিশ্ব আসরে পুরোটা সময়ে বাংলাদেশের মানুষ গা ভাসাবে বিশ্বকাপের উত্তেজনায়। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দেশবাসীর আগ্রহ এবং আবেগকে অন্য মাত্রা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে একটি গান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের আবেগ অন্য রকম। সবদিক বিবেচনা করে ক্রীড়ামোদী সবার মধ্যে নতুন মাত্রা যোগ করতে গানটি তৈরি করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৩ ফেব্রুয়ারি এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিল্পীরা গানটির পরিবেশনায় অংশ নেবেন।
‘ওরে দুরন্ত দুর্বার, দিন আসে না তো বারবার, খেলা শুধু খেলা নয়, জানবাজির এ লড়াই, বীরের যুদ্ধ চাই, এসপার নয় ওসপার’—এমন কথার গানটি লিখেছেন শংকর সাঁওজাল। বিসিবির আয়োজনে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা, কোনাল, মাসুম, শার্টন, সানবীম ও বাপ্পা মজুমদার নিজে।
সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। গত বৃহস্পতিবার থেকে গানটির ভিডিও ধারণের কাজ শুরু হয়। ভিডিওতে গানটির মূল শিল্পীরাও থাকছেন। গানটির ভিডিও নির্মাণ করছেন শংকর সাঁওজাল।