ক্রিকেট নিয়ে এলআরবির গান

তিন বছর পর আসছে ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম। ‘রাখে আল্লাহ মারে কে’ নামের এই অ্যালবামটি আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই অ্যালবামে এলআরবি গেয়েছে ‘তোমরা ১১ জন’ শিরোনামের একটি গান।
মাঝেমধ্যে বিভিন্ন উৎসবে আইয়ুব বাচ্চুর কণ্ঠে দু-একটি গান চমক হিসেবে পাওয়া গেলেও অনেক দিন ধরে শ্রোতারা ব্যান্ড এলআরবির গান শোনা থেকে বঞ্চিত ছিলেন। কারণ, বছর তিনেক ধরে ব্যান্ডটি নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি। এলআরবি ভক্তদের জন্য সুখবর, তিন বছর পর তাঁরা পাচ্ছেন প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম। এতে মোট গান থাকছে চারটি।
ব্যান্ড এলআরবির নতুন অ্যালবামের গানগুলো সিডি আকারে হাতে পাবেন না শ্রোতারা। গানগুলো শোনা যাবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি মিউজিক রেডিওতে। শুধু রবি গ্রাহকেরা ৮০৮০৫ ডায়াল করলেই গানগুলো শুনতে পাবেন।
ক্রিকেট নিয়ে বানানো গানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট–পাগল। আমাদের দেশের বেশির ভাগ মানুষ মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, মুস্তাফিজ, মাশরাফিসহ সবারই পাগল ভক্ত। বর্তমান বাংলাদেশে সবাই এই এক জায়গায় বিনা বাক্যে এক। তাই এলআরবি বাংলাদেশের এই সূর্যসন্তানদের নিয়ে একটি গান তৈরি করেছে। ক্রিকেট নিয়ে তৈরি এই গানটি মাঠে ও মাঠের বাইরের দর্শক–শ্রোতাদের দারুণ উদ্দীপ্ত করবে।’
আইয়ুব বাচ্চু জানান, ক্রিকেট নিয়ে যেমন তাঁর স্বপ্ন আছে ঠিক, তেমনি বাংলাদেশের মিউজিক নিয়ে তাঁর অনেক স্বপ্ন। তাঁর মতে, দেশীয় সংগীতে যে নতুন প্রজন্ম আসছে, তারা একদিন বিশ্বসংগীতের সঙ্গে নিজেদের তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ, এ দেশের প্রতিটি মানুষ সংগীতপ্রেমীও। তারাই উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সংগীত।
অ্যালবামের অন্য তিনটি গান হলো ‘রাখে আল্লাহ মারে কে’, ‘মন’ ও ‘নাচো’।
এলআরবি ব্যান্ডের নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যান্ড এলআরবি সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রবির ভ্যালু অ্যাডেড সার্ভিসের মহাব্যবস্থাপক মাহমুদ হাসান ফয়সাল ও সহসভাপতি (কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবিরসহ আরও অনেকে।