ক্রিকেট নিয়ে গান

১৫ মার্চ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে মাশরাফি বাহিনীকে শুভকামনা জানিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে মিউজিক ভিডিওটির শুটিং শুরু হয়েছে।
‘গর্জে ওঠো বাংলাদেশ—রাইজ অব দ্য টাইগারস’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কিশোর, মেহরাব ও বুশরা শাহরিয়ার। গানটির কথা ও সুর বুশরার। সংগীতায়োজন করেছেন ইমন সাহা।
মিউজিক ভিডিও পরিচালনা করছেন মোহাম্মদ হোসেন জেমী।
গানের সংগীতায়োজক ইমন সাহা বললেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের শুভকামনা জানিয়ে গানটি করা। এ কারণে গানটিকে একটু অন্য রকমভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। গানটির সংগীতায়োজনে পশ্চিমা ধাঁচের রেশ রাখা হয়েছে।’
এই গানটি নিয়ে কিশোর বলেন, ‘ক্রিকেটাররা বাংলাদেশের গর্ব। তাঁদের নিয়ে গাইতে পারাটাও গর্বের।’
পরিচালক জানিয়েছেন, মিউজিক ভিডিওটি ১০ মার্চ থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলসহ অনলাইনে প্রচার শুরু হওয়ার কথা আছে।