ক্রিকেট নিয়ে 'চলো বাংলাদেশ'

‘চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে’—সবার মুখে মুখে ঘুরছে এই একটি লাইন। সেই সঙ্গে ক্রিকেট যেন ছেয়ে গেছে সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মন। ক্রিকেটের মৌসুমে এমন হওয়াই স্বাভাবিক। তাই তো গ্রামীণফোনের জন্য হাবিবের করা এ গানের ভিডিওতে সেই ক্রিকেট উন্মাদনার দৃশ্যই ফুটে উঠল। ইউটিউব আর ফেসবুকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চলো বাংলাদেশ’ শিরোনামে এই গানের ভিডিও। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা।

‘চলো বাংলাদেশ’ গানটি লিখেছেন গ্রে অ্যাডভার্টাইজিংয়ের ক্রিয়েটিভ দলের সদস্য আল আমিন ও মেহেদী আনসারী। এর সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন হাবিব। সম্মিলিত এই গানে রয়েছে শূন্য ব্যান্ডের এমিল ও নেমেসিস ব্যান্ডের জোহাদের কণ্ঠও। গ্রে অ্যাডভার্টাইজিংয়ের পক্ষ থেকে গাউসুল আলম শাওন বলেন, ‘আমরা এমন একটা গান করতে চেয়েছি, যে গানে সবাই একাত্ম হতে পারবে। বাংলাদেশ দলের ভালো সময়ে আমরা থাকব, খারাপ খেললেও আমরা তাদের সঙ্গেই থাকব। এমন একটা ভাবনা নিয়েই গানটি তৈরি।’
গানের সুর ও সংগীতায়োজন হাবিবের। গান তৈরিতে তাঁকে সহযোগিতা করেছেন প্রীতম হাসান। চলো বাংলাদেশ নিয়ে হাবিবের মন্তব্য, ‘গানটি গতানুগতিক নয়। আমরা যেকোনো বিশ্বকাপ খেলায় জাগরণ কিংবা এগিয়ে যাওয়ার থিম নিয়ে গান করি। কিন্তু এই গানটি একটু মজার, একটু ফুর্তির ঢঙে করেছি।’
গানের দৃশ্য ধারণ করা হয় রাজধানীর উত্তরার একটি লোকেশনে। এর দৃশ্য ধারণ নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘মাত্র এক দিনের অনুশীলন আর দুই দিনের শুটিংয়েই পুরো ভিডিওর কাজ শেষ করেছি। দেশের অস্থিতিশীল অবস্থায় অনেক প্রতিকূলতার মধ্যে কাজটি করতে হয়েছে।’