ক্রিস্টিনার জন্য কাঁদলেন সেলেনা!

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি লাইভ কনসার্টে গায়িকা ক্রিস্টিনা গ্রিমিকে গুলি করা হয়। আততায়ী তাঁকে গুলি করে নিজেও আত্মহত্যা করে। ‘দ্য ভয়েস’ অনুষ্ঠানখ্যত তারকা গ্রিমিকে পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। গ্রিমির সঙ্গে সখ্য ছিল মার্কিন গায়িকা সেলেনা গোমেজের। সম্প্রতি মিয়ামিতে একটি কনসার্টে গ্রিমিকে স্মরণ করে মানসিকভাবে ভেঙে পড়েন সেলেনা।
২২ বছর বয়সী প্রতিভাবান তরুণ গায়িকা ক্রিস্টিনার এমন অপ্রত্যাশিত মৃত্যু সারা বিশ্বকে আলোড়িত করেছে। সেলেনা গোমেজ সদ্যপ্রয়াত এই শিল্পীর স্মরণে তাঁর কনসার্টে একটি গান পরিবেশন করেন। গ্রিমিকে স্মরণ করে সেলেনার চোখ তখন অশ্রুসজল হয়ে ওঠে। সে সময় গ্রিমির প্রতি শ্রদ্ধা জানান সেলেনা। অকালপ্রয়াত এই শিল্পীর সঙ্গে তাঁর ভালো বন্ধুত্বের কারণ হিসেবে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তাঁর ধর্মের জন্য নয়, তাঁর ভালো কর্মের জন্যও নয়। আসলে তাঁর বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস মিলে যেত দারুণভাবে।’
শনিবার, ক্রিস্টিনার সঙ্গে কাটানো একটি মজার মুহূর্তের ছবি সেলেনা তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুব কষ্ট পেয়েছি। তোমাকে মিস করব ক্রিস্টিনা। ’
প্রসঙ্গত, ক্রিস্টিনা গ্রিমির কাজের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সেলেনা গোমেজের সৎ বাবা। ইয়াহু নিউজ।