ক্লিকে ফিকে সিডির বাজার

• কয়েক বছর আগেও রমরমা ছিল সিডি, ডিভিডির ব্যবসা।
• ঝোঁক এখন বিভিন্ন অ্যাপ ও অনলাইন মাধ্যমের দিকে।
• প্রযুক্তির কারণে এখন ব্যবসার ধরন পাল্টে গেছে।
২০১১ সালে জি সিরিজ থেকে প্রকাশিত একটি গানের দলের অ্যালবাম বিক্রি হয়েছিল ৪০ হাজার কপির মতো। একই দলের আরেকটি অ্যালবাম গত বছর বিকিয়েছে মাত্র ৬ হাজার কপি। ২০০৮ সালের দিকে সংগীতা বছরে ২০০ অ্যালবাম বের করত। এসব অ্যালবামের লাখেরও বেশি সিডি, ডিভিডি বিক্রি হয়েছে। আর এখন তারা অ্যালবাম বের করে খুবই কম।
১৯৮২ সাল থেকে গান নিয়ে কাজ করছে সংগীতা। এর প্রধান নির্বাহী খন্দকার ইমরান বললেন, ‘প্রযুক্তির কারণে এখন ব্যবসার ধরন পাল্টে গেছে। শিল্পীর ইচ্ছা ছাড়া এখন সিডি আর বের করি না।’
বন্ধ হওয়ার জোগাড় সিডি কারখানাগুলোও। সিডিতে গান ঢুকিয়ে বাজারে পাঠানোর উপযোগী করে তুলত মূলত দুটি প্রতিষ্ঠান। তার মধ্যে একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কম বন্ধ হয়ে গেছে। অন্যটিও চলছে ধুঁকে ধুঁকে। মাইক্রো ডিস্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক আবু হানিফ বলেন, ‘সিডির সেই ব্যবসা নেই। আমরা এখন করপোরেট টুকটাক কাজ করি। তা-ও পোষায় না। ভাবছি এর পাশাপাশি অন্য কিছু করব।’
সিডির দোকানগুলোতেও ভিড় কম। দোকানে সিডির পাশাপাশি উঠেছে অন্য স্টেশনারি। শাহবাগের সুরের মেলা দোকানের ব্যবস্থাপক সুশীল চন্দ্র মণ্ডল বলেন, ‘ধ্রুপদি শিল্পীদের গানের সিডি কিছু বিক্রি হয়। নতুন শিল্পীরা তো এখন সিডিই কম বের করে।’ বাবুল রেডিও ইলেকট্রিক দোকানটিতে দেখা গেল এক পাশে ফটোকপি মেশিন ও প্রিন্টার রাখা। বিক্রয়কর্মী জসিম বলেন, ‘শুধু সিডি বিক্রি করে ব্যবসা চালানো যাচ্ছে না।’
বদলে যাওয়া গানের বাজারে গানের প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনায় এসেছে ভিন্নতা। বছরজুড়ে পরিকল্পনায় এখন প্রাধান্য পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ও গানের অ্যাপস। বিশেষ করে টেলিকম কোম্পানিগুলোর অ্যাপস রবি ইয়োন্ডার মিউজিক, বাংলালিংক ভাইব, জিপি মিউজিক ইত্যাদির দখলে গানের বাজার। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অ্যাপ ছাড়াও বেসরকারি কিছু প্রতিষ্ঠান যেমন: গান, ডুগডুগি ইত্যাদি মাধ্যমেও গান আসছে। অর্থাৎ গানের বাজার অনলাইন ক্লিকনির্ভর।
২০০৮ সালের দিকে সিডির চাহিদা কমতে শুরু করলে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে আরবিটি সিস্টেমে গানের ব্যবসা শুরু হয়। এটি ওয়েলকাম টিউন নামে পরিচিত। এরপর বিভিন্ন অনলাইন মাধ্যম ও অ্যাপ এসে যুক্ত হয়। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও নজর দেয় সেদিকে। সাউন্ডটেকের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ বলেন, ‘আগে একটা সিডিতে অ্যালবাম বের করে সারা বিশ্বে ছড়িয়ে দিতাম। এখন আমরা শুধু গান তৈরি করে মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর কাছে দিই। তারা রিলিজ দিচ্ছে।’
গান প্রকাশের নানা মাধ্যমের কারণে বদলেছে গানের ধারাও। গান শোনার নানা মাধ্যম হওয়ায় শ্রোতা ও কনটেন্ট বেড়েছে বলে মনে করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। আগে ঈদে একটা প্রতিষ্ঠান থেকে ১০-১৫টি অ্যালবাম বের হতো। সিঙ্গেল, মিউজিক ভিডিওসহ অন্যান্য ফরম্যাট মিলে এখন প্রায় এক শর মতো গান বের হয়। জি সিরিজের প্রধান নির্বাহী খাদিমুল জাহান বলেন, ‘অ্যালবামের বাইরে আমরা সিঙ্গেল বের করি। আগে সিডিতে একটা নির্দিষ্ট সংখ্যার গান ছাড়া দেওয়া যেত না। এখন সিঙ্গেল গান, মিউজিক ভিডিও, লিরিক ভিডিও বিভিন্ন মাধ্যমে দেওয়া যাচ্ছে।’ ঈগল মিউজিকের কর্মকর্তা শেখ আরিফুল ইসলাম বলেন, ‘মানুষ যে মাধ্যমে যে ধরনের গান শুনতে ভালোবাসে, সে মাধ্যমে সেই ধরনের গান প্রকাশ করার পরিকল্পনা আছে। অনলাইন মাধ্যমেই বেশির ভাগ কাজ করা হবে।’
তবে বিশেষ উপলক্ষ কেন্দ্র করে এখনো বেশ কিছু সিডি ও ডিভিডি বের করা হয়। জি সিরিজ পুরোনো বাংলা গানের কিছু সিডি বের করবে। ব্যান্ডের সিডিরও কিছু চাহিদা আছে।
সংগীতশিল্পী হৃদয় খান বলেন, ‘অনলাইনে গান দিয়ে আমরা শিল্পীরা এখনো হয়তো ব্যবসায়িকভাবে লাভবান হইনি, কিন্তু এর মাধ্যমে আমাদের গান সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। বেশি মানুষের কাছে যাচ্ছে, গানের বাজার তৈরি হচ্ছে। তাই এখন সফলতা না এলেও ভবিষ্যতে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে গানের ভালো ব্যবসা হবে।’