ক্ষুব্ধ চিত্রা সিং একাই লড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগজিৎ সিং ও চিত্রা সিং
জগজিৎ সিং ও চিত্রা সিং

৮ ফেব্রুয়ারি ছিল কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের ৭৫তম জন্মবার্ষিকী। প্রয়াত এই গজলশিল্পীর স্ত্রী চিত্রা সিং এদিন জানিয়েছেন, অনেকেই কিংবদন্তি শিল্পী জগজিৎ সিংয়ের সংগীতের ঐতিহ্য ও কীর্তিকে নষ্ট করছেন, তাঁর সংগীত ও খ্যাতিকে অন্যায়ভাবে ব্যবহার করছেন।

চিত্রা সিং এ সময় তাঁর কণ্ঠের ক্ষোভ কোনোভাবেই লুকাতে পারেননি। যখন তিনি কথা বলছিলেন, বেদনায় যেন ভারী হয়ে আসছিল তাঁর কণ্ঠ।

চিত্রা সিং বলেন, ‘আমি স্তম্ভিত হয়ে পড়েছিলাম, জগজিৎ সিংয়ের মৃত্যুর পর তাঁর ঐতিহ্য আর কীর্তির অপব্যবহার করার বিষয়টা দেখে।’ তিনি বলেন, ‘দিন দিন এটা যেন বেড়েই চলেছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, অনেকে আমার প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, কিন্তু এর জন্য আবার মানুষের কাছ থেকে টাকাও তুলছেন।’

প্রয়াত কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের স্ত্রী চিত্রা সিং
প্রয়াত কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের স্ত্রী চিত্রা সিং



চিত্রা সিং বলেন, ইদানীং একটি অনুষ্ঠানের বিজ্ঞাপন মুম্বাইতে তোলপাড় তুলেছে। এ অনুষ্ঠানের বিজ্ঞাপনে বলা হচ্ছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো, জগজিৎ সিং লাইভ!’

ক্ষুব্ধ চিত্রা এ প্রসঙ্গে বলেন, এর চেয়ে হৃদয়হীন ও নিষ্ঠুর আর কী হতে পারে!

চিত্রা সিং জানিয়েছেন, জগজিতের স্ত্রী হিসেবে তিনিই এই কিংবদন্তি শিল্পীর একমাত্র বৈধ স্বত্বাধিকারী। অথচ তাঁর অনুমতির তোয়াক্কা না করেই জগজিৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করে দর্শনি বা টিকিটের ব্যবস্থায় বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে।

তিনি অভিযোগ করেছেন, সবাই তাঁকে স্বত্ব থেকে বঞ্চিত করছে। তিনি আরও জানিয়েছেন, এর বিরুদ্ধে তিনি একাই লড়ছেন।

এদিকে প্রয়াত এই শিল্পীর বন্ধুদের কেউ সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন কি না—এমন কথায় চিত্রা সিং জানিয়েছেন, তাঁদের অধিকাংশই চিত্রা সিংয়ের ফোনও ধরেন না। চিত্রা সিংয়ের জন্য তাঁদের কোনো সময় নেই! টিএনএন।