ক্ষোভ থেকে পুলকের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলক অধিকারী
পুলক অধিকারী

দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে গান প্রকাশে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী। এখন থেকে আর কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকে গান প্রকাশের স্বত্ব দেবেন না তিনি। এরই প্রথম পদক্ষেপ ‘লিখে রাখি’ শিরোনামের নতুন একটি গান। গানটি পুলক প্রকাশ করেছেন নিজের ইউটিউবে।

‘লিখে রাখি’ প্রকাশের মধ্য দিয়ে তিন বছর বিরতির পর নতুন গানের ভিডিও প্রকাশ করলেন পুলক। তবে এ সময়ে কয়েকটি অডিও গান প্রকাশিত হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। পুলক বলেন, ‘আমার গাওয়া প্রিয় একটি গান। দুই বছর আগে গানটি তৈরি করেছিলাম। এরপর অনেক দিন ধরে আমার কম্পিউটারে ফাইলটা পড়ে ছিল। মনে মনে ভাবছিলাম, গানটি প্রকাশ করব। কীভাবে গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিয়েও ভাবছিলাম। এমন সময় মনে হলো, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকে গান না দিয়ে আমার ইউটিউবে প্রকাশ করাই ভালো। পরিচিতজনেরাও তা–ই পরামর্শ দিলেন। এখন থেকে গান তৈরি করব আর শ্রোতাদের কাছে পৌঁছে দেব। কারও মুখাপেক্ষী হব না।’

লিখে রাখি গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত পরিচালনা আহমেদ হুমায়ূনের। আর ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ।