খারাপ লাগলেই গিটার বাজান শেরান

এড শেরানের কণ্ঠে জাদু আছে। পুরস্কারের ঝোলায় আছে গ্র্যামিও। তবু একটু খেদ আছে। নিজের চেহারা নিয়ে বোধ হয় একটু মন খারাপ থাকে তাঁর। নিজেকে দেখতে তাঁর ‘অপয়া বালক’-এর মতো লাগে। খারাপ লাগলেই গিটার বাজান তিনি। এটা তাঁর ছেলেবেলার অভ্যাস।
কৌতুক অভিনেতা জেমস কর্ডেনের টিভি অনুষ্ঠান ‘দ্য লেট লেট শো’-এর কার্পোল কারাওকে পর্বে একজন সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি সেখানে হাজির হয়েছিলেন এড শেরান। সেখানেই নিজের চেহারা নিয়ে কৌতুক করেন এই তরুণ কণ্ঠশিল্পী। ‘শো যতই এগিয়ে আসছিল, আমি ততই চাপ বোধ করছিলাম। গান গাওয়ার সময় আমাকে দেখতে যে কী অদ্ভুত লাগে। সে সময় যত দ্রুত সম্ভব গিটার তুলে নিই’, অনুষ্ঠানে নিজেকে নিয়ে এভাবেই মজা করেছেন শেরান। সেখানে তাঁকে নার্ভাস মনে হলেও হাজারো ভক্তের সামনে গিটারে সুর তুলতে কিন্তু একটুও হাত কাঁপে না তাঁর।
গিটারের সঙ্গে শেরানের সখ্য সেই ১১ বছর বয়স থেকে। তখন থেকেই খারাপ লাগলে তুলে নিতেন গিটার। তিনি বলেন, ‘গান করতে উঠলে সঙ্গে যদি গিটার না থাকে, নিজেকে কেমন যেন খালি খালি লাগে। সেই ছেলেবেলা থেকেই আমি গিটারের সঙ্গে মিশে গেছি। খারাপ লাগলেই গিটার বাজাতে শুরু করতাম।’ বিজনেস স্ট্যান্ডার্ড