খালি গলায় গাইলেন রফিকুল আলম ও মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইছেন রফিকুল আলম ও মমতাজ
গাইছেন রফিকুল আলম ও মমতাজ

এসেছিলেন নতুন ছবি মুক্তির আগে আয়োজিত এক অনুষ্ঠানের অতিথি হয়ে। সেখানেই সংগীতশিল্পী রফিকুল আলম ও মমতাজ শোনালেন ছবিতে গাওয়া একটি গান। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। ধানমন্ডির একটি রেস্তোরাঁয় নারগিস আক্তারের নতুন ছবি ‘পৌষ মাসের পিরিত’ নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত গণমাধ্যমকর্মী, চলচ্চিত্রটির অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের গান গেয়ে শোনান দুই শিল্পী।
যৌথভাবে ‘না পোড়াইলে সর্ব অঙ্গ’ শিরোনামের গানটি ছবিতে ব্যবহার করা হয়েছে। এই গানটি ছাড়াও এই দুই শিল্পী আলাদাভাবে চলচ্চিত্রে ব্যবহৃত আরও দুটি গানের প্রথম কলি গেয়ে শোনান। মমতাজ ও রফিকুল আলম ছাড়াও ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন ও মনির খান।
‘পৌষ মাসের পিরিত’ ছবিতে অভিনয় করেছেন পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল, তরু মোস্তফা, আদিত্য আলম, প্রিয়াঙ্কাসহ অনেকেই।
নারগিস আক্তার জানান, কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘পৌষ মাসের পিরিত’ চলচ্চিত্রটি। আগামী ২ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ছবিটি।