খেয়ার ফিরে আসা

এ এক যুদ্ধের গল্প। হতাশার সঙ্গে নান্দনিকতার দ্বন্দ্বের গল্প। নান্দনিকতার জয়ের গল্প।
কঠিন অসুখও দমাতে পারেনি কণ্ঠশিল্পী খেয়াকে। অসুস্থতাকে জয় করে গান নিয়ে এগিয়েছেন তিনি। ২০১৩ সালে তাঁর প্রথম অ্যালবাম মন মানে না মুক্তি পায়। ওই বছরই টিউমার থেকে নিউরোফাইব্রোসারকোমা নামের এক কঠিন রোগ ধরা পড়ে তাঁর শরীরে। বদলে যায় খেয়ার জীবন। কিন্তু তিন বছর পর সেই অসুস্থতাকে জয় করে খেয়া আবারও ফিরেছেন গানের জগতে। তিন বছর পর আসছে তাঁর নতুন একক অ্যালবাম।
২০১৩ সালে খেয়ার শরীরে টিউমার ধরা পড়ার পরপরই ভারতের চেন্নাইয়ে হয় অস্ত্রোপচার। তবে সে সময় অস্ত্রোপচারটি সফল হয়নি। এর ফলে ২০১৫ সাল পর্যন্ত সেই রোগটি শরীরে বয়ে বেড়ান তিনি। কিন্তু এ সময়ে তাঁর গান থেমে থাকেনি। খেয়া বলেন, ‘ওই সময়টায় চলচ্চিত্র ও মিশ্র অ্যালবামে নিয়মিতই গান করেছি। একক অ্যালবাম নিয়ে কাজ করার মতো সুযোগ ছিল না।’
চলতি বছর ঢাকার একটি হাসপাতালে আরেকবার অস্ত্রোপচার হয় খেয়ার। এরপর থেকে সুস্থ হয়ে উঠছেন ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী। খেয়া বলেন, ‘অতীতের কঠিন দিনগুলোর কথা আর মনে রাখতে চাই না। এ জন্য হুট করেই দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছিলাম।’
সব প্রতিকূলতা পেরিয়ে এবার তৈরি করা অ্যালবামটির নাম রাখা হয়েছে খেয়া। শিল্পী বলেন, ফোক ও আধুনিক ধাঁচের তিনটি গান নিয়ে এই অ্যালবামটি। একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। অ্যালবামের তিনটি গানই লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর করেছেন জে কে, মজলিস, রেজওয়ান শেখ ও মেহতাজ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, জে কে ও রেজওয়ান শেখ।
ঈদুল আজহায় লেজারভিশনের ব্যানারে অ্যালবামটি সিডি আকারে বাজারে আসার কথা রয়েছে। একই সঙ্গে একটি গানের ভিডিও ইউটিউবে ছাড়া হবে।