গাগাকে 'দাগা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

মাত্রই কয়েক দিন আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন পপতারকা লেডি গাগা। শখ করে সেদিন নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক কোস্ট হাইওয়ে ধরে বেশ ভালো চালাচ্ছিলেনও। কিন্তু ট্রাফিক পুলিশ আটকাল তাঁকে। গাগার গাড়ি চালানোর লাইসেন্স আছে ঠিকই, কিন্তু গাড়িটার নম্বরপ্লেটই যে নেই!
প্রথমবার এভাবে গাড়ি চালাতে গিয়েই ধরা খেলেন গাগা, পড়লেন আইনি ঝামেলায়। পরে নিজেই টুইটারে রসিকতা করেছেন, ‘হ্যাঁ, পুলিশ আমাকে পথে আটকেছিল। বেশ বড় ঘটনাই! আসলে আমার নতুন পিকআপ গাড়িটার প্লেটই পাইনি এখনো।’
‘বড় ঘটনা’ মজা করেই লেখা। এমন নয় যে শাস্তি হিসেবে গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা পেয়েছেন। তবে গাগার গানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা সরকার। চীন অনেক বড় বাজার। কিন্তু সেখানেই আর ঢুকতে পারবেন না গাগা। কয়েক দিন আগে নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে দেখা করেছিলেন গাগা। এ কারণেই চীন নিল এই পদক্ষেপ। এর আগে ওয়েসিস, মাইলি সাইরাস, জে-জি, সেলেনা; এমনকি বব ডিলানের গানও নিষিদ্ধ করেছিল চীন। কিন্তু সংগীতের পথ রোধ করে এমন ‘ট্রাফিক পুলিশ’ কি আসলেই আছে? মিরর ইউকে।