গাগার কুকুর এশিয়ার ঢুকতে মানা এশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগার কোলে তাঁর পোষা কুকুর এশিয়া
লেডি গাগার কোলে তাঁর পোষা কুকুর এশিয়া

মার্কিন পপ গায়িকা লেডি গাগার এশিয়া টুরে তাঁর সঙ্গী হতে পারছে না এশিয়া। লেডি গাগার পোষা কুকুরের নাম এশিয়া। ‘আর্ট রেভ: দ্য আর্ট পপ বল’ টুরের অংশ হিসেবে এশিয়া যাচ্ছেন গাগা। তিনি এই সফরে এশিয়াকে সঙ্গে নিতে চেয়েছিলেন। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এশিয়াকে ফেলেই এশিয়া সফরে যেতে হচ্ছে গাগাকে।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় গাগা লিখেছেন, ‘তাঁরা এশিয়াকে এশিয়ায় যেতে দেবে না। রোগ সংক্রমণ প্রতিরোধের কীসব নিয়মকানুন নাকি আছে! আমার ছোট্ট মেয়েটিকে ছাড়া টোকিওতে কী করব, কিছুই ভাবতে পারছি না। সেখানে তাকে নিয়ে অনেক মজা করার পরিকল্পনা ছিল আমার।’
ফ্রেঞ্চ বুলডগ এশিয়াকে নিয়ে চলতি মাসের মাঝামাঝিতে এশিয়া ভ্রমণের জন্য আবেদন করেছিলেন ২৮ বছর বয়সী গাগা। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে সাফ জানিয়ে দেয়, প্রিয় কুকুরটিকে সঙ্গে নিতে পারবেন না তিনি। এশিয়াকে যুক্তরাষ্ট্রেই থাকতে হবে।
কিছুদিন আগে এশিয়া সম্পর্কে লেডি গাগা বলেছিলেন, ‘এশিয়া আর আমার মধ্যে অদ্ভুত একধরনের বন্ধন আছে। সে তার বড় বড় চোখ দিয়ে আমার সঙ্গে অনেক কথা বলে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
লেডি গাগা ১৩ ও ১৪ আগস্ট রাতে টোকিওর চিবা মেরিন স্টেডিয়ামে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন। সেখান থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে উড়াল দেবেন তিনি। ১৬ আগস্ট সেখানকার অলিম্পিক স্টেডিয়ামে গান গাইবেন মার্কিন মুলুকের তুমুল জনপ্রিয় এ তারকা সংগীতশিল্পী।