গাছের ডালে আটকে গেলেন ব্রিটনি স্পিয়ার্স!

কাটা ঘুড়ি, উড়ে যাওয়া গ্যাস বেলুন— আরও কত কিছু যে আটকে যায় গাছে। কিন্তু তাই বলে জলজ্যান্ত মানুষ! তাও আবার পপসংগীতের তারকাশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ঘটনা কিন্তু সত্যি। সম্প্রতি গাছের ডালেই আটকে গিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স।
নতুন বছরটা আসলেও ঠিক সুবিধের যাচ্ছে না ব্রিটনি স্পিয়ার্সের। মনে দাগ কাটার মতো বছর না হোক, কপালের দাগ দিয়ে শুরু হয়েছে এই মার্কিন গায়ক-অভিনেতার বছর। প্রথম দিনেই এক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তাঁর এই ‘কপালের লিখন’। সে যা হোক, এর ঠিক পরের দিনই কেনো যেন ‘পাতায় পাতায়’ চলার সাধ জেগেছিল ব্রিটনির। আর তাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের প্ল্যানেট হলিউড ক্যাসিনো রিসোর্টে গান গাইতে মঞ্চ সাজিয়েছিলেন নকল গাছ দিয়ে। আর সেই গাছও যেন তাঁকে পাতা করেই রাখতে চাইল।
ব্রিটনি তখন গাইছিলেন তাঁর জনপ্রিয় গান ‘টক্সিক’। কথা ছিল গানের এক ফাঁকে দড়ির সঙ্গে বাঁধা অবস্থায় দর্শক-শ্রোতাদের মাথার ওপর দিয়ে শূন্যে ঘুরে আসবেন। সে অনুযায়ী সব ব্যবস্থাও নেওয়া হয়েছিল। নকল সেই গাছের ডালে দাঁড়িয়ে লাফ দিতে যাবেন। কিন্তু ওই যে কপালের লিখন।
গাছের ডালে আটকে গেল তাঁর সাজপোশাকের অংশ। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠানের এক কর্মী গিয়ে তাঁকে উদ্ধার করে আনেন। উড়ে উড়ে আর নামা হলো না, নামতে হলো সিঁড়ি বেয়ে।
মঞ্চে এমন বিপত্তির ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। এইতো গত অক্টোবরে নেচে-গেয়ে মঞ্চ উত্তাল করে ফেলছেন এই ‘ব্রেক দ্য আইস’ তারকা। এমন সময় বাগড়া দিল তাঁর পোশাক। হুট করেই ফেড়ে গেল পেছন থেকে। তবে তাঁর দলের কর্মীবৃন্দ দক্ষতার সঙ্গে তাঁকে ঘিরে ধরলেন, একজন সেটা ঠিক করেও ফেললেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে— এই পুরোটা সময় ব্রিটনির নাচ অথবা গান কোনোটাই বন্ধ হয়নি। হাজার হোক পেশাদার শিল্পী বলে একটা বিষয় আছে না!
শুভসূচনা না হোক, বছরটা যেন ভালো যায়— ব্রিটনির ভক্তকুল নিশ্চয় এমনটাই চাইবেন।বিলবোর্ড। টিএমজি।