গাজার নারীদের পক্ষে পিংক ফ্লয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিংক ফ্লয়েডের ডেভিড গিলমোর, নিক ম্যাসন, রজার ওয়াটার্স
পিংক ফ্লয়েডের ডেভিড গিলমোর, নিক ম্যাসন, রজার ওয়াটার্স

প্রায় এগারো বছর আগে একত্র হয়েছিলেন তাঁরা। লন্ডনের ‘লাইভ ৮’ কনসার্টে বাজিয়েছিলেন। এত কাল পর আবারও একত্র হলেন, তবে গানের জন্য নয়। গাজার নিপীড়িত নারীদের পক্ষে অবস্থান নিলেন পিংক ফ্লয়েডের তিন তারকা ডেভিড গিলমোর, নিক ম্যাসন, রজার ওয়াটার্স।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পথে ভাসমান নারী মানবাধিকারকর্মীদের নৌযান ‘উইমেন্স বোট টু গাজা’র পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে লন্ডনভিত্তিক বিখ্যাত রক ব্যান্ড পিংক ফ্লয়েড। গত বুধবার দলটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘উইমেন্স বোট টু গাজা’র প্রতি নিজেদের সমর্থনের কথা জানান দলটির এই তিন সদস্য।

পিংক ফ্লয়েডের ফেসবুক পোস্ট
পিংক ফ্লয়েডের ফেসবুক পোস্ট

গত সেপ্টেম্বরে স্পেনের বন্দরনগরী বার্সেলোনা থেকে সমুদ্রপথে গাজার উদ্দেশে যাত্রা করেন একদল নারী ত্রাণকর্মী। ফ্রিডম ফ্লোটিলা জোটের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘উইমেন্স বোট টু গাজা’। ত্রাণ নিয়ে দুটি জাহাজে করে তাঁরা গাজার দিকে যাত্রা করেন। গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে বাধায় পড়েন তাঁরা। এর মধ্যে একটি ত্রাণবাহী জাহাজ আটক করে ইসরায়েলি নৌবাহিনী। ‘জেইতোনা অলিভা’ নামের ওই জাহাজটি আটকের পর সেটি ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। গত বুধবার গাজা উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের ভূমধ্যসাগর থেকে জাহাজটি আটক করা হয়। ধারণা করা হচ্ছে, এর আরোহীদের শিগগির ফেরত পাঠাবে তাঁরা।
ফ্রিডম ফ্লোটিলার প্রত্যাশা, ওই জাহাজের নারী আরোহীদের শিগগির মুক্তি দেওয়া হবে। পিংক ফ্লয়েডের সমর্থনের কারণেই আটক ত্রাণকর্মীদের প্রতি সবার মনোযোগ আকৃষ্ট হবে বলেও আশা প্রকাশ করেছে তারা। ২০০৫ সালে ইসরায়েল সফরের পর ফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালান পিংক ফ্লয়েডের প্রবীণ শিল্পী রজার ওয়াটার্স। সাংস্কৃতিক অঙ্গনে ইসরায়েলকে প্রত্যাখ্যানেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। দ্য গার্ডিয়ান।