গাজীর অতিথি শবনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মাজহারুল আনোয়ারের বারিধারার পার্ক রোডের বাড়িতে চলচ্চিত্র অভিনয়শিল্পী শবনম
ছবি : সংগৃহীত

অভিনয়শিল্পী শবনম এবং গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের বন্ধুত্ব কয়েক দশকের। দুজন থাকেন একই এলাকায়। ঢাকার বারিধারা পার্ক রোডে তাঁদের বাড়িও কাছাকাছি। বাড়ি কাছাকাছি হলেও এখন আর তাঁদের দেখা খুব একটা নিয়মিত হয় না। কয়েক দিন আগে তাঁদের দেখা হয়েছে, তা–ও প্রায় দেড় বছর পর। অনেক দিন পর দেখা হওয়ায় একসঙ্গে চার ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা আড্ডা দিয়েছেন। এদিন গাজী মাজহারুল আনোয়ারের বাসায় হুট করেই আসেন প্রতিবেশী শবনম। এরপর তাঁরা আড্ডায় মেতে ওঠেন। তাঁদের দুজনের সেই আড্ডার দুটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন গাজী মাজহারুল আনোয়ার ছেলে সারফরাজ আনোয়ার। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে শবনম ও গাজী মাজহারুল আনোয়ার দুজনেই তাঁদের আড্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

শবনম প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বললেন, ‘তিনি খুবই ইন্টেলেকচুয়াল নারী। আমাদের সংস্কৃতি নিয়ে, চলচ্চিত্র নিয়ে যথেষ্ট সচেতন। একসময় আমাদের প্রায়ই দেখা হতো। আড্ডা দিতাম। করোনার কারণে আমাদের আগের মতো দেখা হয় না। তাঁর সুস্থ ও সুন্দর কিছু করার স্বপ্ন আছে। সেই স্বপ্ন নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলাপ হলো।’ শবনম জানালেন, ‘চার দিন আগের এক বিকেলে জরুরি কাজে আমার এক বন্ধুর বাড়িতে যাই। ফেরার সময় আমার বাড়িতে ঢোকার আগে ভাবলাম, দুইটা বাড়ি পরই তো গাজী ভাইয়ের বাড়ি। একবার ঢুঁ মারি। গিয়ে দেখলাম তিনিও আছেন। তারপর আড্ডা শুরু হলো।’

শবনম বললেন, ‘করোনার কারণে তো এখন আর আগের মতো কোথাও যাওয়া হয় না। মাঝে তো দেশের বাইরে গিয়েছিলাম। কয়েক মাস বেড়িয়ে আসছিলাম। দেশে ফেরার পর আবার ঘরবন্দী। দম বন্ধ হয়ে আসছিল। কোথাও না যাওয়ায় মনটাও অস্থির হয়ে উঠছিল। গাজী ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর আমেরিকা যাওয়ার আগে। ভাবলাম, ঘর থেকে যেহেতু বের হলাম, দেখা করে যাই। আড্ডা দিই। কিছুটা হালকা লাগবে।’

কী নিয়ে আড্ডা জমেছিল, জানতে চাইলে শবনম বললেন, ‘চলচ্চিত্র ছাড়া আমাদের জীবনে আর কীই–বা আছে। এখনকার চলচ্চিত্র নিয়ে নানা আক্ষেপের কথা বললাম। গাজী ভাইও গল্প শোনালেন। আমারও শুনতে ভালো লাগল।’ গল্প শুনতে শুনতে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা হয়নি বুঝি? এমন প্রশ্ন করতেই শবনম বললেন, ‘আমি তো কোথাও কসম করে বলিনি, চলচ্চিত্রে অভিনয় করব না। আমার কাছে তো ভালো গল্পের প্রস্তাব আসতে হবে। একই সঙ্গে পছন্দের চরিত্রও লাগবে। একজন আর্টিস্ট কোনো দিন অভিনয় ছাড়তে পারে না। সুযোগ পেলে আজীবনই অভিনয় করতে চায়। আমিও এর বাইরে নই।’

শবনম
ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের সেকাল–একাল নিয়ে কথা বলতে বলতে রাতের খাবারের সময় হয়ে যায়। এরপর গাজী মাজহারুল আনোয়ার পরিবারের সবার সঙ্গে বসে রাতের খাবারও খেয়েছেন তিনি।

শবনম বললেন, ‘গাজী ভাইয়ের বাসায় গেলে খাবারদাবারের এলাহি কারবার করেন। আমি এবার গিয়েই বলেছি, কিচ্ছু যেন না করেন। তারপর যা ছিল, তা দিয়েই রাতের খাবার খেয়েছি। এরপরও খিচুড়ি, মুরগিসহ নানান কিছু দিয়ে রাতের খাবার খেয়েছি। সুন্দর ও স্বস্তিদায়ক সময় কেটেছে।’

গাজী মাজহারুল আনোয়ার
ছবি : সংগৃহীত

স্বাধীন বাংলাদেশে শবনম প্রথম অভিনয় করেন সন্ধি চলচ্চিত্রে। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত এই চলচ্চিত্রের আগে তিনি অভিনয় করেছিলেন নাচের পুতুল-এ, আজিজুর রহমান পরিচালিত সেই চলচ্চিত্র ১৯৭০ সালে মুক্তি পায়।

খোঁজ নিয়ে জানা যায়, গাজী মাজহারুল আনোয়ারের সন্ধি চলচ্চিত্রে প্রথম অভিনয়ের কথা ছিল শাবানার। কিন্তু শাবানার শিডিউলজনিত সমস্যায় পরে ভারতের রাখি গুলজারের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত হয়। কথাবার্তা চূড়ান্ত হওয়ার কিছুদিন পর রাখি গুলজার জন্ডিসে আক্রান্ত হওয়ায় তাঁরও কাজ করা হয়নি। পরে সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মাধ্যমে যোগাযোগ করা হয় লন্ডনে থাকা শবনমের সঙ্গে।

গাজী মাজহারুল আনোয়ার সেই সময়ের কথা মনে করে বললেন, ‘তিনি নিঃসন্দেহে একজন এক্সপেরিয়েন্স আর্টিস্ট। ভার্সেটাইল আর্টিস্ট। ভালো নৃত্যও করতে পারেন। শাবানা ও রাখি গুলজার যখন হচ্ছিল না, তখন আমার চলচ্চিত্রের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করলাম। শবনম শুরুতে কাজটি করতে চাননি।’

বারিধারা পার্ক রোডের বাড়িতে গাজী মাজহারুল আনোয়ার ও তাঁর ছেলে সারফরাজ আনোয়ার (ডানে) চলচ্চিত্র অভিনয়শিল্পী শবনম (মাঝে)
ছবি : সংগৃহীত

কারণ হিসেবে গাজী মাজহারুল আনোয়ার বললেন, ‘প্রথমে যখন প্রস্তাব দিই, তখন বলেছিলেন, লন্ডনে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন। আসলে শুরুতে বুঝতে ভুল করেছিলেন, কারণ তাঁদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক যখন ছিল, তখন আমি গীতিকার। চলচ্চিত্রের জন্য গান লিখে যাচ্ছি। সেই আমি যে হঠাৎ করে প্রডিউসার ডাইরেক্টর হয়ে গেছি, এটা তিনি বুঝতেই পারেননি। এরপর খবরটা যখন আহমেদ জামান চৌধুরীর মাধ্যমে তাঁর কাছে আবার খবর পৌঁছায়, তখন তিনি বললেন, “গাজী ভাই আবার কবে ডাইরেক্টার প্রডিউসার হয়ে গেলেন!” আ জা চৌর মাধ্যমে জানতে পেরে তিনি বললেন, “পরিষ্কার করে বলবেন তো, আপনি আমার একজন কাছের মানুষ, দূরত্বহীন অবস্থায় থেকেও আপনাকে চিনতে পারলাম না। সরি ফর দ্যাট। ডেট কবে বলেন। আপনি এয়ারপোর্টে একটা গাড়ি রেখে দেবেন, আমি চলে আসব।” তাঁর চিন্তাচেতনাও কাজে লাগিয়েছেন। এরপর তিনি আমাকে এমনও বলেছিলেন, “আপনি কিন্তু একটা ছবিও আমাকে ছাড়া করতে পারবেন না।”’

‘সন্ধি’ চলচ্চিত্রটি ১৯৮৭ সালের পবিত্র রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একই ঈদে মুক্তি পেয়েছিল মমতাজ আলীর ‘নিয়ত’, এ জে মিন্টুর ‘লালু মাস্তান’, আজমল হুদা মিঠুর ‘নিয়তির খেলা’, আবদুল লতিফ বাচ্চুর ‘লক্ষী বধূ’।