গান-আড্ডায় হিমাংশু গোস্বামী

গান আর কথায় মাতালেন ষাটের দশকের প্রখ্যাত লোকসংগীতশিল্পী হিমাংশু গোস্বামী। রাধারমণ, শাহ আবদুল করিম, দুরবীন শাহ, গিয়াস উদ্দিন আহমদসহ সিলেট অঞ্চলের বেশ কজন গীতিকবির গান শোনালেন তিনি। কখনো কীর্তন, কখনো শাহজালাল-বন্দনা, আবার কখনো ভাটিয়ালি—নতুন আর প্রাচীন সব ধরনের লোকগান নিয়ে ‘গান-আড্ডায় হিমাংশু গোস্বামী’ নামে আয়োজনটি ছিল সিলেটের কুমারপাড়ার শাহ আলম আর্ট গ্যালারি অব ফাইন আর্টসে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী এই সংগীতজ্ঞকে নিয়ে এ আয়োজন করেছে গিয়াস উদ্দিন আহমদ গীতি সংসদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিল্পী রানা কুমার সিনহা, নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন ও শিল্পী শামীম আহমদ।
হিমাংশু গোস্বামী রাধারমণের ‘মনে নাইগো আমারে বন্ধুয়ার’, শাহ আবদুল করিমের ‘আমি তোমার কলের গাড়ি’, দুরবীন শাহের ‘নির্জন যমুনার কূলে’সহ প্রায় ২৫টি গান শোনান। উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই শিল্পীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।