গান, আবৃত্তি ও নৃত্যালেখ্যে ছায়ানটের কবিবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার ছিল দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। নানা আনুষ্ঠানিকতায় জাতীয় কবির জন্মদিনে রঙিন রূপে ধরা দেয় রাজধানীর সংস্কৃতি ভুবন। কবিবন্দনার বিচিত্র আয়োজনে শামিল হয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। নজরুলের সৃষ্টির ঐশ্বর্যে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গান, আবৃত্তি ও নৃত্যালেখ্যে সাজানো হয়েছে প্রথম দিনের উৎসব।
সম্মিলিত গানের সুরে ছায়ানট মিলনায়তনে প্রথম দিনের উৎসবের সূচনা হয়। ভক্তিমূলক গানে সজ্জিত এ পর্বের শুরুতে ছায়ানটের শিল্পীরা গেয়ে শোনান ‘এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে’। এরপর একক কণ্ঠের পরিবেশনায় কবির প্রতি অনুরাগ প্রকাশ করে প্রিয়া গোপের কণ্ঠে উচ্চারিত হয় ‘অন্তরে তুমি আছ চিরদিন’।

ইয়াকুব আলী খান শুনিয়েছেন ‘বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু’। অনামিকা সরকার সোমার গাওয়া গানের শিরোনাম ছিল ‘শ্যামা নামের লাগলো আগুন’। শুক্লা সরকার শুনিয়েছেন ‘নব-কিশলয় রাঙা শয্যা পাতিয়া’। সৈয়দা সানজিদা জোহরা বীথিকার কণ্ঠে উচ্চারিত হয় ‘খোদার প্রেমে শরাব পিয়ে’। ফারহানা আক্তার শ্যার্লী গেয়েছেন ‘কোন কুসুমে তোমায় আমি’। এরপর সুরপ্তকের শিল্পীরা পরিবেশন করে ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি’। এই পর্বের পাঠে অংশ নেন আবৃত্তিশিল্পী কৃষ্টি হেফাজ।

নজরুলের বর্ষাবিষয়ক গান ও লেখায় সজ্জিত ছিল নৃত্যালেখ্যের বিশেষ পরিবেশনা। ‘বাদল-বরিষণে’ শিরোনামের সংগীত পরিবেশনায় অংশ নেন সাদিয়া আফরিন মল্লিক, ডালিয়া নওশীন, নাহিয়ান দুরদানা শুচি ও ছায়ানটের শিল্পীদল। তাঁদের গাওয়া গানের সুরে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ইরা বালা, সুদেষ্ণা স্বয়ম্প্রভা ও ছায়ানটের শিক্ষার্থীরা। পাঠ পরিবেশন করেন কৃষ্টি হেফাজ ও আশরাফুল হাসান।

প্রকৃতি পর্বের গানের শুরুতে কণ্ঠ মেলায় ছায়ানটের শিশু শিল্পীর দল। অনেকগুলো কচি কণ্ঠ এক সুরে গেয়ে শোনায় ‘ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে, বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে’। এরপর একক কণ্ঠে ঐশ্বর্য সমদ্দার শুনিয়েছে ‘শ্যামা তন্বী আমি মেঘ-বরণা’। নুসরাত জাহান রুনা গেয়েছেন ‘তোর রূপে গাহন ক’রে’।

লোক-অঙ্গের গানের পর্বে ন্যাসিমা শাহীনের কণ্ঠে উচ্চারিত হয় ‘মেঘবরণ কন্যা থাকে মেঘমালতীর দেশে’। শর্মিষ্ঠা দাশ গেয়েছেন ‘কালো জল ঢালিতে সই’। মফিজুর রহমান গেয়েছেন ‘আমার গহিন জলের নদী’। এ পর্বে আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী রফিকুল ইসলাম।

শাওন আসিল ফিরে শীর্ষক সংগীতের আশ্রয়ে আধুনিক গানের পর্বের সূচনা করেন জগদানন্দ রায়। আশা সরকার শুনিয়েছেন ‘আধখানা চাঁদ হাসিছে আকাশে’, সঞ্জয় কবিরাজ ‘নিরুদ্দেশের পথে আমি যদি হারিয়ে যাই’, মনীষ সরকার ‘তোমার আঁখির মতো আকাশের দুটি তারা’, প্রমিতা দে ‘কথা কও, কথা কও’, শুক্লা পাল সেতু ‘বিদায় বেলায় করুণ সুরে ও অর্পিতা চক্রবর্তী গেয়েছেন ‘যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই’। স্বদেশ পর্বে শ্রাবন্তী ধর পরিবেশন করেন ‘স্বদেশ আমার! জানি না তোমার’। উদ্দীপনামূলক গানের পর্বে শহীদ খান শুনিয়েছেন ‘জাগো অনশন বন্দী ওঠ রে যত’। ছায়ানটের ছোট এবং বড়দের দল যথাক্রমে পরিবেশন করে ‘নবীন আশা জাগলো যে রে আজ’ ও ‘ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান’ শীর্ষক নজরুলসংগীত।
আজ বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা শুরু হবে সন্ধ্যা সাতটায়।