গান আর আবহসংগীত নিয়ে ব্যস্ত ইমন সাহা

ইমন সাহার সুর আর সংগীতে দেশের অনেক শিল্পীই গান গেয়েছেন। কেউ কেউ তো তাঁর সুর ও সংগীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। গুণী এই সংগীত পরিচালক বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন নিজের গাওয়া গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করার। ঘোষণার পর দিন যায়, মাস যায়—কিন্তু সেই অ্যালবাম আর প্রকাশ হয় না। সম্প্রতি যোগাযোগ করা হয় ইমন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, এই মুহূর্তে সিনেমার কাজ নিয়ে ডুবে আছেন।
কথা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সুরকার ও সংগীত পরিচালক জানান, গত কয়েক মাস ধরে ২০টিরও বেশি সিনেমার সংগীত পরিচালনা ও আবহসংগীতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানালেন এই ব্যস্ততা চলবে আরও কয়েক মাস। এসব গানের কিছু কাজের জন্য তাঁকে নাকি নিয়মিত ঢাকা-কলকাতা আসা-যাওয়াও করতে হচ্ছে।
ইমন সাহা যেসব সিনেমার গানের কাজ নিয়ে ব্যস্ত সেসব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘গহিন বালুচর’, ‘সিনেমার গল্প’, ‘পোড়ামন টু’, ‘আপন মানুষ’, ‘সাদাকালো প্রেম’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘নুরুমিয়া ও তাঁর বিউটি ড্রাইভার’, ‘শেষ কথা’, ‘তেজ’, ‘রাজনীতি’, ‘ধ্যাততেরিকি’, ‘ভয়ংকর সুন্দর’, ‘গেমস রিটার্নস’, ‘ডিটেকটিভ’, ‘সোনাবন্ধু’, ‘পবিত্র প্রেম’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘পোস্টমাস্টার’ ‘বুকের মাঝে প্রেমের আগুন’, ‘কুয়াশা’ ও ‘নীল ফড়িং’।

ইমন সাহা জানান, ‘এসব সিনেমার কোনোটির আবহসংগীত আর কোনোটির গানের সংগীত পরিচালনা করছেন তিনি। আর এই মুহূর্তে নিজের অ্যালবামের কাজ করলে অনেক প্রযোজক-পরিচালক ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপাতত সিনেমার নিয়েই ব্যস্ত থাকতে চাই। সিনেমার সব কাজ শেষ হলে তবে অ্যালবামের গানগুলোর কাজ ধরব।’
কিন্তু অ্যালবামের কাজ প্রায় শেষ হয়ে গেছে বলেছিলেন তো। ‘রেকর্ডিংয়ের কাজ তো শেষ। গানও অনেকগুলো হয়ে গেছে, সেখান থেকে বাছাই করে কয়েকটি গান দিয়ে অ্যালবাম প্রকাশ করব। এ ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়ার বিষয়টাও তো আছে নাকি?’ বললেন ইমন সাহা।
অ্যালবামের গানের ধরন কেমন হবে? এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম একক গানের অ্যালবাম, তাই অনেক চিন্তাভাবনা করেই কাজটা করছি। আমার প্রথম অ্যালবামের গানের মধ্যে প্রাধান্য পাবে “সফট মেলডি” ধাঁচটা।’