গান আর কবিতায় জমজমাট সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান আর কবিতায় দারুণ সন্ধ্যা কাটল জাতীয় জাদুঘর মিলনায়তনে। শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’র আয়োজনে এ অনুষ্ঠানে গান শুনিয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান, কবিতা শুনিয়েছেন শিমুল মুস্তাফা। হেমন্তের সন্ধ্যায় মিলনায়তনভর্তি দর্শকের উপস্থিতিতে দুই ঘণ্টার বেশি সময় চলতে থাকে একের পর এক কবিতা ও গান।
শুরুতেই আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। তিনি শোনান সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি। প্রথমে একটি কবিতা শুনিয়ে মঞ্চ ছেড়ে দেন সংগীতশিল্পী দিনাত জাহানের জন্য।
নিজের গাওয়া একটি মৌলিক গান ‘বাংলাদেশ তোমাকে দেখেছি’ দিয়ে শুরু করেন দিনাত। এরপর পর্যায়ক্রমে তিনি সাবিনা ইয়াসমিনের শুধু গান গেয়ে পরিচয়, রুনা লায়লার আয় রে মেঘ আয় রে এবং শাহনাজ রহমতুল্লাহর ‘আরও কিছু দাও না দুঃখ আমায়’ শুনিয়ে আশ্রয় নেন লালনে। ‘আশা পূর্ণ হলো না’ গান শেষে শিল্পী আরেকটি নিজের গান করেন। ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ গানটি শোনাতে শোনাতে গানের সুরকার শওকত আলীকে মঞ্চে আমন্ত্রণ জানান। সুরকার শিল্পীর সঙ্গে দ্বৈত পরিবেশনায় অংশ নেন। মৌলিক এই গানের পরে উপস্থাপক আবারও শিমুল মুস্তাফাকে মঞ্চে ডাকেন। শিমুল মুস্তাফা আরও দুটি কবিতা শোনান—নাজিমত হিকমতের ‘জেলখানার চিঠি’ ও কাজী নজরুলের ‘বিদ্রোহী’। পরে দিনাত জাহান এসে দর্শকের অনুরোধে বেশ কিছু জনপ্রিয় আধুনিক ও লোক গান শোনান।
অনুষ্ঠানের শুরুতে আমরা সূর্যমুখীর প্রতিষ্ঠার ৪১তম পূর্তিকে উপলক্ষ করে ছিল সংক্ষিপ্ত আলোচনা। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ এইচ এন আশিকুর রহমান, কণ্ঠশিল্পী ফাতেমাতুজজোহরা, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজি প্রমুখ।
শেষ হলো ঋষিজের দুই দিনের উত্সব
শেষ হলো ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০ বছর পূর্তির দুই দিনের উত্সব। গতকাল শনিবার ছিল সমাপনী দিন। এদিন গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।
সমাপনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
সমাপনী দিনে আরও তিন গুণীজনকে ঋষিজ সম্মাননায় ভূষিত করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন ভারতের মহুয়া মুখার্জি (নৃত্যকলা) ও অমিতাভ মুখোপাধ্যায় (সংগীত) এবং গণসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কামরুদ্দীন আবসার। অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অমিতাভ মুখোপাধ্যায়। সংবর্ধনা ও আলোচনা পর্ব শেষ হতেই শুরু হয় দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈচিত্র্যময় এ পর্বে ছিল গণমানুষের গান। অনুষ্ঠানে মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।