গান গাইবে বোউয়ির মূর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড বোউয়ি
ডেভিড বোউয়ি

তিনি প্রয়াত হয়েছেন এ বছরের শুরু দিকে। তবে তাঁকে হারানোর বেদনা এখনো তাঁর ভক্তদের মনে গভীর হয়ে আছে। তাই তো প্রিয় তারকার প্রয়াণের পর যত ভাবে তাঁকে স্মরণীয় করে রাখা যায়, তার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে সংগীতশিল্পী ডেভিড বোউয়ির ভক্তরা। শোনা যাচ্ছে, বোউয়িকে স্মরণ করে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাকিংহামশায়ারের আয়লেসবারি এলাকায় ভক্তরা গণ অর্থায়নের মাধ্যমে একটি অত্যাধুনিক ভাস্কর্য তৈরি করার প্রকল্প হাতে নিয়েছেন। এই ভাস্কর্য শুধু ঠায় দাঁড়িয়েই থাকবে না, সর্বক্ষণ গানও গাইবে।

হ্যাঁ। ভাস্কর্যের ভেতর নাকি প্রায় ২ হাজার গান দিয়ে দেওয়া হবে। প্রতি ঘণ্টায় বদলে বদলে বাজবে গানগুলো। ডেভিড স্টপস নামের এই প্রকল্পের এক উদ্যোক্তা জানান, তাঁরা এরই মধ্যে ব্রিটিশ ভাস্কর অ্যান্ড্রু সিনক্লেয়ারের সঙ্গেও যোগাযোগ করেছেন। ভাস্কর্যটি হবে ব্রোঞ্জের। স্টপস জানান, ভাস্কর্যটি তৈরি করতে সব মিলে দেড় লাখ পাউন্ড প্রয়োজন হবে তাঁদের। পুরো অর্থটিই তাঁরা গণ অর্থায়নের মাধ্যমে জোগাড় করতে চান। এ জন্য তাই বোউয়ি ভক্তদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিবিসি।