গান থেকে তপুর মেয়ের নাম তরি

‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি/ এক পাশে সাগর এক পাশে বালি/ তোমার ছোট তরি বলো, নেবে কি?...’। গানটির শিরোনাম ‘নূপুর’। এই একটি গান শুরুতেই যেমন দারুণ জনপ্রিয় হয়, তেমনি জনপ্রিয় হন গানটির শিল্পী তপু। গানটি দ্রুত পৌঁছে যায় তরুণদের কানে কানে আর তার সঙ্গে অল্প দিনেই খুব পরিচিতি পান তপু। আজ মঙ্গলবার দুপুরে তপু বাবা হয়েছেন। মেয়ের বাবা। যে গান দিয়ে তিনি প্রথম জনপ্রিয় হন, সেই গান থেকে একটি শব্দ নিয়ে রেখেছেন মেয়ের নাম, তরি।
তবে তপু বললেন, ‘আমার স্ত্রী বলেছিলেন, যদি আমাদের মেয়ে হয়, তাহলে মেয়ের নাম রাখা হবে তরি।’ তপু যখন মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর কোলে ছিল ছোট্ট তরি। ফোনে তরির কান্নার আওয়াজ শোনা গেছে।
তপু আরও বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি একদম অন্য রকম। অদ্ভুত! আসলে বাবা হওয়ার পর বুঝতে পারছি, মা–বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছেন।’
তপু জানান, তাঁর স্ত্রী নাজিবা সেলিম এখন ভালো আছেন। দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি ডা. গুলশান আরার তত্ত্বাবধানে আছেন।
নাজিবা সেলিমের সঙ্গে তপুর বিয়ে হয়েছে ২০১২ সালের ২৩ আগস্ট।