গান থেকে সেলেনার বিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গান থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সেলেনা গোমেজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেলেনা বলেন, তিনি বর্তমানে দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক ও অবসাদে ভুগছেন। মানসিক এই রোগগুলোর জন্য চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছেন তিনি। তাঁর চিকিৎসা প্রক্রিয়াটি লম্বা, তাই গান থেকে বিরতি নিয়ে সেলেনা এখন সেদিকে সময় দিতে চাইছেন।


সম্প্রতি ‘টুফ্যাব’ নামের একটি অনলাইন ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে সেলেনা বলেন, ‘অনেকেই জানেন, এক বছর ধরে লুপাস নামের একটি রোগের সঙ্গে লড়ছি। এই রোগটি মানুষকে নানাভাবে দুর্বল করে দেয়। এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ার অংশ হিসেবে আমি এখন দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক আর অবসাদেও ভুগতে শুরু করেছি।’ নতুন এসব রোগের চিকিৎসার প্রক্রিয়া জানাতে গিয়ে সেলেনা বলেন, ‘আমি এখন নিজেকে ও নিজের ভাবনাগুলোকে নানা দিকে ছড়িয়ে দিতে চাই। আরও বেশি মনোযোগ দিতে চাই আমার স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির দিকে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিজেকে সব প্রতিকূলতা থেকে দূরে রাখতে কিছুদিনের জন্য সবকিছু থেকে বিরতি নেব।’

ভক্তদের উদ্দেশে ওই সাক্ষাৎকারে সেলেনা বলেন, ‘তোমরা জানো, তোমরা কত গুরুত্বপূর্ণ আমার কাছে। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আমাকে আমার সবটা দিয়ে চেষ্টা করতে হবে। আমি তা-ই করছি। আমি জানি, আমি একা নই, অনেকেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তোমাদের মধ্যেও যারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছ, তারাও নিজেদের ভালো রাখার চেষ্টা চালিয়ে যাও।’

সেলেনা বর্তমানে ব্যস্ত তাঁর ‘রিভাইভাল ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। তিনি সাক্ষাৎকারে স্পষ্ট করেননি যে কবে থেকে তিনি বিরতিতে যাচ্ছেন কিংবা এ বিরতি কত সময়ের জন্য। ধারণা করা হচ্ছে, এই ঘোষণার কারণে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় যুক্তরাজ্যে সেলেনার কনসার্টে প্রভাব পড়তে পারে। বিবিসি।