গান নিয়ে প্রত্যাশা...
>বাংলাদেশের বিভিন্ন সময়ের বিভিন্ন ধারার গানের মানুষের সঙ্গে কথা হলো কাল। তাঁদের কাছে গান নিয়ে প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়েছিল। একেকজন গান নিয়ে জানালেন একেক ধরনের প্রত্যাশার কথা।
গান কখনো বিবর্ণ হয় না
গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার ও সুরকার

আজকে গানের যে অবস্থা এটা থাকবে না, পরিবর্তন অবশ্যই আসবে। আজকে আমরা গানের ওঠানামা দেখছি। এটা সব সময় ছিল। ওঠানামার মাধ্যমেই নতুন নতুন জিনিস তৈরি হয়েছে। এখন গানকে বিবর্ণ মনে হচ্ছে। তবে মনে রাখতে হবে, পুরোনো জিনিসের পরিবর্তনের মাধ্যমেই নতুন কিছু আসে। এই প্রজন্মের শিল্পীদের সুন্দর গান করে কীভাবে এগিয়ে যাওয়া যাবে, তার একটা গাইডলাইন দেওয়া দরকার। তাহলেই আমাদের গানের ঐতিহ্যকে নিজেদের মধ্যে ফিরে পাব।
গান শুধু মনোরঞ্জনের বিষয় নয়
রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী

প্রত্যাশা তো অনেকই আছে গান নিয়ে। তবে এই সময়ের কথা যদি বলতে হয়, তাহলে বলব, গানকে একটা সময় শুধু মনোরঞ্জনের বিষয় বলে মনে করা হতো। কিন্তু এখন আর গান শুধু মনোরঞ্জনের বিষয় নয়। গান দিয়ে যে পৃথিবীর সব হিংসা, বিদ্বেষ দূরীভূত করা যায়, তা বোঝানোর সময় এসেছে। সব ভাষার ঊর্ধ্বে উঠে বিশ্বকে এক সহনশীলতার সম্পর্কে বাঁধতে পারে গান-প্রত্যাশা থাকবে এই শক্তিটাই সবার সামনে উঠে আসুক।
যুগের হাওয়ায় মানুষ বদলে যায়, সংগীত না
ফাহমিদা নবী, সংগীতশিল্পী

যুগের হাওয়ায় মানুষ বদলে যায়, সংগীত না। সংগীতের আবহাওয়া বদলায়, কিন্তু সংগীত নানা ধারায়, নানা রূপে চলতে থাকে। এখন সবাই বলে, ‘আমি গান গাই।’ কেউ বলে না যে, ‘আমি গান শিখি।’ পরিবর্তিত ধারার সঙ্গে যারা সহজেই বদলে যায়, তারা এমনটাই বলবে। কিন্তু গানের চর্চা আর সাধনার জন্য হতে হয় স্থির। আবহাওয়া বদলাবে, কিন্তু সংগীতের ভিত ঠিক থাকলে, চর্চা অব্যাহত থাকলে সেই শিক্ষা কখনো বৃথা যাবে না।
যত দিন প্রাণ আছে তত দিন যেন গান গাইতে পারি
পার্থ বড়ুয়া, সংগীতশিল্পী

সংগীত দিবসে একটাই প্রত্যাশা, দেহে যত দিন প্রাণ আছে তত দিন যেন গান গাইতে পারি। আর আমাদের দেশে গানের কপিরাইট নিয়ে যে সমস্যা চলছে, সেটা যেন সবাই মিলে বসে একটা সমাধান করা হয়। এটা হলে আমাদের সবার জন্যই ভালো হবে। নতুন সংগীতশিল্পীদের জন্য বলব, যত কিছুই করুন না কেন নিজের গান লাগবে। আরেকজনের গান গেয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। আর শিল্পীর প্রাতিষ্ঠানিক গান-বাজনা জানা থাকা ভালো। এটাই সংগীতজীবনের প্রত্যাশা।
পরিপূর্ণ শিল্পী হওয়ার জন্য অনেক যোগ্যতা দরকার
সালমা, সংগীতশিল্পী

বিশ্ব সংগীত দিবসে সংগীতের সঙ্গে জড়িত সব গুরু, শিষ্য ও শিল্পীকে জানাই শুভেচ্ছা। আমি নিজেকে এখনো পরিপূর্ণ শিল্পী মনে করি না। তার জন্য অনেক যোগ্যতা দরকার। সেটা এখনো আমার হয়নি। চেষ্টা করছি মাত্র। আর গান নিয়ে প্রত্যাশার বিষয়ে বলব, সবার ভালোবাসা নিয়ে এত দিন ধরে গান গাইছি। সবাই চিনছে। এই গান যেন সারা জীবন গেয়ে যেতে পারি, সংগীত দিবসে এটাই চাওয়া। আর যাঁরা আমাকে শিল্পী বানিয়েছেন তাঁদের জন্য কিছু করার ইচ্ছা আছে। ইচ্ছা না, এটা আমার অঙ্গীকার।