গান লিখতে দূরের দেশে দুবছর

ব্রিটিশ সংগীতের ড্রাম ও বেজের কিংবদন্তি বলা হয় তাঁকে। টুকটাক অভিনয়ও করেছেন। এই যেমন ১৯৯৯ সালের ‘জেমস বন্ড’ ছবিতে। কিংবা ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এ। অথবা ‘স্ন্যাচ’ ছবিতে। কিন্তু তিনি তারকা বনেছেন ‘টাইমলিনেস’-এর মতো হিট অ্যালবাম দিয়ে। বেশ কয়েক বছর ধরে বলতে গেলে লাপাত্তাই আছেন ‘টাইমলিনেস’ তারকা গোল্ডি। এবার মিলেছে খবর। দুই বছরের বেশি সময় তিনি বাস করছিলেন থাইল্যান্ডে। আসন্ন অ্যালবামের গান লিখতে শুধু!
২০১৩ সালে ‘দ্য আলকেমিস্ট: দ্য বেস্ট অব গোল্ডি ১৯৯২-২০১২’ নামের অ্যালবাম ছিল তাঁর শেষ প্রকাশ। এবার নতুন লেখা গান নিয়ে ১৭ জুন প্রকাশ করবেন ‘দ্য জার্নি’ নামের অ্যালবাম। তিনি জানান, ‘চার সপ্তাহের মধ্যে এটা বের হবে, আর এটা সত্যি।’ তিনি আরও বলেন, ‘আমি আমার পুরো অ্যালবামটা বানিয়েছি থাইল্যান্ডে, একটা বড় খাতা আর কলম নিয়ে দুই বছর ধরে গান লিখেছি।’ তিনি বলেন, এমনটা করলে ভিন্ন ধরনের গানের স্বাদ পাওয়া যায়। এ বছরের অক্টোবরে গোল্ডির পরিকল্পনা আছে নিজের জীবনীগ্রন্থ ‘অল থিংস রিমেম্বারড’ প্রকাশ করার। টাইমস অব ইন্ডিয়া।